পশ্চিম এশিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিগুলো এত দিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও প্রভাব বিস্তারের অন্যতম প্রধান শক্তি হিসেবে বিবেচিত হয়ে আসছিল। ওয়াশিংটনের ধারণা ছিল, এই অঞ্চলে বিপুলসংখ্যক সেনা মোতায়েন, বড় বড় সামরিক ঘাঁটি তৈরি এবং আকাশ ও সমুদ্রপথে আধিপত্য ধরে রাখার মাধ্যমে তারা নিজেদের মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। একই সঙ্গে প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করে নিজেদের স্বার্থও রক্ষা করতে পারবে। কিন্তু ইরানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধ সেই ধারণাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে।
এই যুদ্ধে ইরানের সাফল্য শুধু মার্কিন সামরিক সরঞ্জাম ও স্থাপনায় ক্ষয়ক্ষতি ঘটানোর মধ্যে সীমাবদ্ধ নয়। বরং সবচেয়ে বড় বিষয় হলো, ইরান দেখিয়ে দিয়েছে যে পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোও হামলার ঝুঁকির বাইরে নয়। ফলে এসব ঘাঁটির নিরাপত্তা ও কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।
এটিকে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়া হিসেবে দেখার সুযোগ নেই। বরং বিষয়টি হলো, নিজেদের সামরিক শক্তি ব্যবহার করে ইরানের ওপর রাজনৈতিক ও সামরিক চাপ তৈরি করা এখন ওয়াশিংটনের জন্য আগের চেয়ে অনেক বেশি কঠিন হয়ে পড়েছে।
বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রায় ৫০ হাজার সেনা এবং ১৯টি বড় সামরিক স্থাপনা রয়েছে। বাহরাইন, কাতার, জর্ডান ও সৌদি আরবসহ বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা এসব ঘাঁটি দীর্ঘদিন ধরে ওই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতির মূল ভিত্তি হিসেবে কাজ করছে। কিন্তু ইরানের সঙ্গে সংঘাত দেখিয়ে দিয়েছে, এত বড় সামরিক নেটওয়ার্ক থাকলেই যে সব ঘাঁটি নিরাপদ থাকবে, তার কোনো নিশ্চয়তা নেই।
মার্কিন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) হিসাব অনুযায়ী, মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর অবকাঠামো পুনর্নির্মাণে প্রায় ৯ দশমিক ৪ বিলিয়ন ডলার খরচ হতে পারে। এর মধ্যে বাহরাইনে অবস্থিত মার্কিন নৌ-সহায়তা ঘাঁটির ক্ষতিও বেশ বড়। এই ঘাঁটিতে মার্কিন নৌবাহিনীর কমান্ড এবং পঞ্চম নৌবহরের সদর দপ্তর রয়েছে। এটি মেরামত করতেই ৪০ কোটি ডলারের বেশি ব্যয় হতে পারে।
তবে এই ক্ষতির গুরুত্ব শুধু অর্থের অঙ্ক দিয়ে বোঝা যাবে না। কারণ একটি সামরিক ঘাঁটি তখনই কার্যকর থাকে, যখন সেখান থেকে নিরাপদে সেনা ও সামরিক সরঞ্জাম পরিচালনা, যুদ্ধের প্রস্তুতি এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়া সম্ভব হয়। কিন্তু প্রতিপক্ষ যদি নিয়মিত এসব ঘাঁটিতে হামলা চালাতে পারে, তাহলে যুক্তরাষ্ট্রকে সামরিক অভিযান পরিচালনার পাশাপাশি ঘাঁটিগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেও বিপুল অর্থ ও সম্পদ ব্যয় করতে হবে। এতে স্বাভাবিকভাবেই তাদের সামরিক সক্ষমতা ব্যবহারের খরচ বেড়ে যাবে।
ইরানের হামলার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, তারা শুধু যুদ্ধবিমান বা সামরিক সরঞ্জামকে লক্ষ্যবস্তু করেনি; বরং মার্কিন ঘাঁটির গুরুত্বপূর্ণ নিরাপত্তাব্যবস্থার ওপরও আঘাত হেনেছে।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক বিশ্লেষণে বলা হয়েছে, মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের হামলার শুরুতে আর্লি ওয়ার্নিং সিস্টেম ও রাডারকে লক্ষ্যবস্তু করা হয়। পরে বিমান রাখার হ্যাঙ্গার, গুদামঘর, যোগাযোগব্যবস্থা এবং সেনা মোতায়েনের স্থাপনাগুলোতেও হামলা চালানো হয়।
সামরিক দৃষ্টিকোণ থেকে এই কৌশল বেশ গুরুত্বপূর্ণ। কারণ রাডার ও আগাম সতর্কীকরণ ব্যবস্থা শত্রুপক্ষের হামলা শনাক্ত করতে এবং দ্রুত প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করে। এসব ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলে একটি সামরিক ঘাঁটির পুরো প্রতিরক্ষাব্যবস্থা দুর্বল হয়ে পড়ে। ফলে সেখানে থাকা যুদ্ধবিমান, সামরিক সরঞ্জাম ও অন্যান্য স্থাপনা রক্ষা করাও কঠিন হয়ে যায়।
অর্থাৎ, ইরান শুধু মার্কিন সামরিক স্থাপনাগুলোর ক্ষতি করেনি; বরং সেগুলোর কার্যক্ষমতা ও নিরাপত্তাব্যবস্থাকেও চ্যালেঞ্জের মুখে ফেলেছে। এর ফলে পশ্চিম এশিয়ায় সামরিক উপস্থিতি ধরে রাখতে যুক্তরাষ্ট্রকে এখন আগের চেয়ে অনেক বেশি অর্থ, সময় ও নিরাপত্তাব্যবস্থার ওপর নির্ভর করতে হচ্ছে। আর এ কারণেই অঞ্চলটিতে নিজেদের সামরিক কৌশল নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে ওয়াশিংটন।
এদিকে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের ইন্সপেক্টর জেনারেলের প্রতিবেদনেও অ্যাটাক হেলিকপ্টার এবং অত্যাধুনিক এফ-৩৫ ও এফ-১৫ই যুদ্ধবিমানসহ কয়েক ডজন আকাশযান হারানোর তথ্য উঠে এসেছে। নভেম্বর পর্যন্ত এই যুদ্ধের ব্যয় ৪৮ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে, যার মধ্যে ক্ষতিগ্রস্ত ঘাঁটিগুলো পুরোপুরি পুনর্নির্মাণের খরচ অন্তর্ভুক্ত করা হয়নি।
আঞ্চলিক শক্তির ভারসাম্যে পরিবর্তনের অন্যতম প্রধান লক্ষণ হলো, পশ্চিম এশিয়ায় ভবিষ্যতে সেনা মোতায়েনের রূপরেখা কেমন হবে তা নিয়ে খোদ যুক্তরাষ্ট্রের ভেতরেই আলোচনা শুরু হয়েছে। বিষয়টি এখন আর কেবল ক্ষতিগ্রস্ত ঘাঁটিগুলো কীভাবে পুনর্নির্মাণ করা হবে তার মধ্যে সীমাবদ্ধ নেই; বরং প্রশ্ন উঠেছে যে, আগের সব স্থাপনা একই কাঠামোয় এবং একই স্থানে পুনর্নির্মাণ করা আদৌ উচিত হবে কি না।
কিছু মার্কিন বিশেষজ্ঞ এখন ওই অঞ্চল থেকে সেনা কমানো, সামরিক স্থাপনাগুলোকে ছড়িয়ে দেওয়া, সরঞ্জামের একটি অংশ আরও দূরবর্তী এলাকায় সরিয়ে নেওয়া এবং এমনকি কিছু কেন্দ্র মাটির নিচে তৈরি করার প্রয়োজনীয়তার কথা বলছেন। এই বিকল্প প্রস্তাবগুলোই প্রমাণ করে যে, পারস্য উপসাগরের কাছাকাছি মার্কিন বাহিনী মোতায়েনের প্রথাগত ধারাটি এখন নতুন সীমাবদ্ধতার মুখে পড়েছে। অবশ্য ঘাঁটি স্থানান্তরের অর্থ এই নয় যে যুক্তরাষ্ট্র অঞ্চলটি থেকে পুরোপুরি বিদায় নিচ্ছে। ওয়াশিংটন হয়তো বড় ও স্থায়ী স্থাপনার পরিবর্তে ছোট, অস্থায়ী এবং ছড়িয়ে-ছিটিয়ে থাকা ঘাঁটির একটি নেটওয়ার্ক ব্যবহারের দিকে ঝুঁকতে পারে। কিন্তু এই পরিবর্তনও অত্যন্ত ব্যয়বহুল এবং এটি দ্রুত ও ব্যাপক সামরিক অভিযান পরিচালনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সক্ষমতাকে সীমিত করে ফেলবে। তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইরান থেকে দূরে স্থাপনা সরিয়ে নিলেও ঝুঁকির বিষয়টি পুরোপুরি সমাধান হবে না। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতার ক্রমাগত উন্নয়ন দেশটির প্রতিরোধ ক্ষমতাকে আরও গভীরতা দিয়েছে এবং যুক্তরাষ্ট্রের সামরিক বিকল্পগুলোর পরিধিকে আরও সংকুচিত করেছে।
এই পরিবর্তনের প্রভাব কেবল পেন্টাগনের সামরিক হিসাব-নিকাশের মধ্যেই সীমাবদ্ধ নেই। অঞ্চলের যেসব দেশ মার্কিন ঘাঁটিকে নিজেদের নিরাপত্তার গ্যারান্টি হিসেবে মনে করত, তারা এখন এক কঠিন প্রশ্নের মুখোমুখি; যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি কি আদৌ তাদের নিরাপত্তা বাড়ায়, নাকি ইরানের সঙ্গে সংঘাত তীব্রতর হলে তাদের নিজেদের ভূমিকেই যুদ্ধের ময়দানে পরিণত করে?
আঞ্চলিক দেশগুলোতে অবস্থিত ঘাঁটিগুলো যখন হামলার শিকার হয়, তখন ওই দেশগুলো অনিচ্ছাসত্ত্বেও এমন এক যুদ্ধের রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তাজনিত মূল্য চোকাতে বাধ্য হয়, যে যুদ্ধ শুরুর সিদ্ধান্তটি হয়তো নেওয়া হয়েছিল ওয়াশিংটনে। এই তিক্ত অভিজ্ঞতা দেশগুলোকে তাদের নিরাপত্তা সম্পর্ক বহুমুখী করার এবং যুক্তরাষ্ট্রের ওপর একচেটিয়া নির্ভরতা কমানোর দিকে উৎসাহিত করতে পারে। ২০২৬ সালের আগস্টে সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত যৌথ প্রতিরক্ষা চুক্তিটিকেও এই বৃহত্তর প্রেক্ষাপটে বিবেচনা করা যেতে পারে। এ ধরনের উদ্যোগগুলো এখনো যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নেটওয়ার্কের বিকল্প হয়ে ওঠেনি ঠিকই তবে এগুলো স্পষ্ট করে দেয় যে আঞ্চলিক শক্তিগুলো নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এখন আরও পরিপূরক এবং বৈচিত্র্যময় বিকল্প খুঁজছে।
ওয়াশিংটনের জন্য এই যুদ্ধের মূল্য কেবল সামরিক বা আঞ্চলিক ক্ষয়ক্ষতির মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। ২০২৬ সালের নভেম্বরে পরিচালিত রয়টার্স এবং ইপসোসের এক জনমত জরিপে দেখা গেছে, ৭১ শতাংশ মার্কিন নাগরিক চান কংগ্রেসের পদক্ষেপের মাধ্যমে ইরানের সঙ্গে এই যুদ্ধের অবসান ঘটানো হোক। দেশের অভ্যন্তরে এমন প্রবল বিরোধিতা প্রমাণ করে যে, ব্যয়বহুল এই সংঘাত চালিয়ে যাওয়ার ক্ষেত্রে মার্কিন সরকারকে নিজ দেশের ভেতরেও বড় ধরনের রাজনৈতিক সীমাবদ্ধতার মুখে পড়তে হচ্ছে।
প্রকৃতপক্ষে, সামরিক শক্তি তখনই কৌশলগত বিজয়ে রূপ নেয়, যখন তা কাঙ্ক্ষিত রাজনৈতিক ফলাফল চাপিয়ে দিতে পারে। অত্যাধুনিক যুদ্ধবিমান, বিমানবাহী রণতরী এবং বিশাল সামরিক বাজেট থাকলেই কোনো দেশ প্রতিপক্ষের ওপর নিজেদের ইচ্ছা চাপিয়ে দিতে পারবে; এমন কোনো নিশ্চয়তা নেই। প্রতিপক্ষ যদি সংঘাত চালিয়ে যাওয়ার খরচ বাড়িয়ে দিতে পারে, সামরিক উপস্থিতির অবকাঠামোকে ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে এবং নিজেদের রাজনৈতিক সংকল্প অটুট রাখতে পারে, তবে অস্ত্রের শ্রেষ্ঠত্ব সবসময় কাঙ্ক্ষিত রাজনৈতিক ফল বয়ে আনে না।
সব মিলিয়ে এই যুদ্ধে ইরান দেখিয়ে দিয়েছে যে, প্রযুক্তিগত ও আর্থিক শ্রেষ্ঠত্ব থাকা সত্ত্বেও অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি ক্ষয়ক্ষতির ঊর্ধ্বে নয়। তার চেয়েও বড় কথা, তেহরান এই সামরিক শক্তি বজায় রাখার খরচ বাড়িয়ে দিতে এবং ওয়াশিংটনকে তার সামরিক বিন্যাসের একাংশ পুনর্বিবেচনা করতে বাধ্য করতে সক্ষম হয়েছে। এই ঘটনার অর্থ পশ্চিম এশিয়ায় মার্কিন উপস্থিতির অবসান বা দেশটির সামরিক শক্তির বিলুপ্তি নয় বরং এটি একটি গুরুত্বপূর্ণ বাস্তবতাকে সামনে নিয়ে এসেছে। যুক্তরাষ্ট্র এখন আর অতীতের মতো আত্মবিশ্বাসের সঙ্গে তার স্থায়ী ঘাঁটিগুলোর ওপর নির্ভর করতে পারবে না এবং কেবল সেনা ও সরঞ্জাম মোতায়েন করেই মিত্রদের নিরাপত্তা নিশ্চিত বলে ধরে নিতে পারবে না।
ইরানের কৌশলগত অর্জন ঠিক এই হিসাব-নিকাশের পরিবর্তনের জায়গাতেই নিহিত। সম্পদ ও প্রযুক্তিতে বহুগুণ এগিয়ে থাকা একটি পরাশক্তির সামরিক চাপের লক্ষ্যবস্তু হয়েও ইরান সেই শক্তির ব্যয় বাড়িয়ে দিতে পেরেছে। তার অবকাঠামোগত দুর্বলতাগুলো প্রকাশ করে দিয়েছে এবং সামরিক উপস্থিতি পর্যালোচনার বিষয়টিকে ওয়াশিংটনের নীতিনির্ধারণী পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হয়েছে। এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের লক্ষ্য যদি হয়ে থাকে নিজেদের আধিপত্য সুসংহত করা। ইরানের ওপর নিজেদের ইচ্ছা চাপিয়ে দেওয়া, তবে উভয় পক্ষের ক্ষয়ক্ষতির পরিমাণ যাই হোক না কেন, মার্কিন সামরিক উপস্থিতির ক্রমবর্ধমান জটিলতা। আঞ্চলিক কৌশল পুনর্বিবেচনার বাধ্যবাধকতা সেই লক্ষ্য অর্জনে ওয়াশিংটনের ব্যর্থতারই একটি বড় ইঙ্গিত। এই পারফরম্যান্সের মাধ্যমে ইরান কেবল আত্মরক্ষাই করেনি বরং পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন নিরাপত্তা ব্যবস্থার অন্যতম প্রধান ভিত্তিকেই চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে।
সূত্র: মেহের নিউজ
মতামত