ঢাকার নবাবগঞ্জে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক বুধবার দিনব্যাপী কর্মসূচিতে তিনি সড়ক উন্নয়ন, ড্রেন নির্মাণ ও স্বাস্থ্যসেবা খাতের বিভিন্ন কাজের উদ্বোধন করেন।সকাল ১১টায় নবাবগঞ্জ উপজেলার চূড়াইন ইউনিয়নের মুসলিমহাটি সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন তিনি। পরে আগলা ইউনিয়নের কালুহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়কে ডিভাইডার স্থাপন কার্যক্রমে অংশ নেন।
দুপুর ১২টায় নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।
এ সময় তিনি বলেন, দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষ যেন বিনামূল্যে বা কম খরচে ভালো চিকিৎসা পান, সে জন্য সরকারি হাসপাতালের অবকাঠামো উন্নয়ন, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং সেবার পরিধি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় মানুষের কাছে সহজে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হবে। চিকিৎসার জন্য যেন এলাকার মানুষকে দূরে যেতে না হয়, সেটিই আমাদের লক্ষ্য। এ লক্ষ্য পূরণে স্বাস্থ্য খাতের উন্নয়ন কার্যক্রম চলমান থাকবে।
পরে দুপুর সাড়ে ১২টায় মাঝিকান্দা ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করেন তিনি। এরপর দোহারের চরলটাখোল সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করেন। এ ছাড়া নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যক্তিগত উদ্যোগে রোগীদের ব্যবহারের জন্য অতিরিক্ত বেডসেট হস্তান্তর করেন।
দিনের শেষ পর্যায়ে দোহার পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে জয়পাড়া চত্বরে অনুষ্ঠিত সন্ত্রাস, নৈরাজ্য ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে মিছিলে অংশ নেন সংসদ সদস্য।
এ সময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন খন্দকার, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রবিউল ইসলাম, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হানিফসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
মতামত