দীর্ঘ ৪৪ দিন বন্ধ থাকার পর রাজবাড়ীর ধাওয়াপাড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল আবারও স্বাভাবিক হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টা থেকে এ নৌরুটে ফেরি চলাচল শুরু হয় বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ।
এর আগে গত ১২ অক্টোবর সন্ধ্যা থেকে পদ্মা নদীতে নাব্যতা সংকটের কারণে এ নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে রাজবাড়ী ও পাবনার মধ্যে চলাচলকারী যাত্রী ও যানবাহনের চালকদের চরম দুর্ভোগে পড়তে হয়।
ধাওয়াপাড়া ফেরিঘাট সূত্রে জানা গেছে, এ নৌরুটে ফেরি রয়েছে মাত্র একটি। ফলে বিভিন্ন সময় ফেরি বিকল হওয়া কিংবা নদীতে নাব্যতা সংকট দেখা দিলে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।
ফেরি চলাচল বন্ধ থাকায় রাজবাড়ী ও পাবনার মধ্যে যাতায়াতকারী মানুষকে বিকল্প পথে চলাচল করতে হয়েছে। এতে তাঁদের সময় ও যাতায়াত খরচ দুটোই বেড়ে যায়।
দীর্ঘ ৪৪ দিন পর ফেরি চলাচল পুনরায় শুরু হওয়ায় এ নৌরুটে চলাচলকারী যাত্রী ও যানবাহনের চালকদের মধ্যে স্বস্তি ফিরেছে।
নাজিরগঞ্জ ফেরিঘাটের ব্যবস্থাপক এম. এ. নেওয়াজ শিবলী বলেন, পদ্মা নদীতে নাব্যতা সংকটের কারণে এতদিন ফেরি চলাচল বন্ধ ছিল। দীর্ঘ সময় ধরে ড্রেজিং করার পর বুধবার দুপুর ১২টার দিকে ফেরিটি ট্রায়াল ট্রিপে ছেড়ে যায়। ট্রায়াল ট্রিপ সফল হওয়ায় এ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
মতামত