জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধীনস্থ হিলি সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় সীমান্তের ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে দিন-রাত বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। রাতের বেলায় নজরদারি কার্যক্রম আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ স্থানে ফ্লাডলাইট স্থাপন করা হয়েছে। পাশাপাশি ড্রোন ও সিসিটিভিসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। এসব প্রযুক্তির মাধ্যমে দুর্গম ও অন্ধকারাচ্ছন্ন এলাকাতেও সন্দেহজনক গতিবিধি দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে।
জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী, পিবিজিএমএস বলেন, সীমান্তবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় অপরিচিত বা সন্দেহভাজন ব্যক্তির চলাচল, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা কিংবা যেকোনো ধরনের সন্দেহজনক কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্পে অবহিত করতে হবে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণ ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিজিবি অধিনায়ক জানান, কোনো বিতর্কিত পলাতক বা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে তাকে আইনের আওতায় আনা হবে। বাংলাদেশের সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন অবৈধভাবে প্রবেশ কিংবা বহির্গমন করতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে।
দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা এবং জনসাধারণের জানমাল রক্ষায় পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে বিজিবি কাজ করে যাচ্ছে। সীমান্তে অবৈধ তৎপরতা, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
মতামত