প্রিন্ট এর তারিখ : ০৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬
মৌলভীবাজারে মোবাইল কোর্ট, ৭ মামলায় জরিমানা
সত্যজিৎ দাস, স্টাফ রিপোর্টার ||
মৌলভীবাজার পৌরশহরে অবৈধ দখল ও পৌরসভা আইন লঙ্ঘনের বিরুদ্ধে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) জেলা প্রশাসনের উদ্যোগে পৌরশহরের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৭টি মামলায় মোট ৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।মঙ্গলবার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল ইবনে ইদ্রিসের নেতৃত্বে পৌরশহরে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে স্থানীয় সরকার (পৌরসভা) আইন,২০০৯-এর ১০৮ ধারা লঙ্ঘনের দায়ে ১০৯ ধারায় ৪টি মামলা করা হয়। এসব মামলায় মোট ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় মৌলভীবাজার পৌরসভার সহকারী প্রকৌশলী উপস্থিত ছিলেন।একই দিনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক অমির নেতৃত্বে শহরের শমসেরনগর রোড ও পশ্চিম বাজার এলাকায় পৃথক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে স্থানীয় সরকার (পৌরসভা) আইন,২০০৯-এর ১০৯ ধারায় ৩টি মামলা করা হয় এবং মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।অভিযান প্রসঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক অমি জানান,পৌর এলাকার সড়ক,ফুটপাত ও জনসাধারণের চলাচলের পথ নির্বিঘ্ন রাখা এবং পৌরশহরের শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে আইন অনুযায়ী অভিযান পরিচালনা করা হচ্ছে। জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে এমন অবৈধ দখল ও পৌর আইন লঙ্ঘনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।সংশ্লিষ্টরা জানান,পৌরশহরের সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখা,জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখা এবং শহরের সৌন্দর্য ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম