যশোরের ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফিল্ম সংকটে গত দেড় মাস ধরে বন্ধ রয়েছে এক্সরে কার্যক্রম। পাশাপাশি সরকারি সরবরাহকৃত ৯১ ধরনের জীবনরক্ষাকারী ওষুধের মধ্যে হাসপাতালে মজুত রয়েছে মাত্র ১৬ ধরনের ওষুধ। এমনকি ডায়াবেটিসের ওষুধ সরবরাহও বন্ধ রয়েছে। এতে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীরা চরম ভোগান্তিতে পড়ছেন।
বিশেষ করে দুর্ঘটনায় আহত, হাড় ভাঙা ও জটিল রোগে আক্রান্ত রোগীদের দুর্ভোগ বেড়েছে কয়েকগুণ। সরকারি হাসপাতালে এক্সরে করানোর সুযোগ না থাকায় রোগীদের বাধ্য হয়ে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে যেতে হচ্ছে। একইভাবে প্রয়োজনীয় ওষুধ হাসপাতাল থেকে না পেয়ে বাইরে থেকে কিনতে হচ্ছে রোগীদের। এতে চিকিৎসা ব্যয়ের বাড়তি চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন নিম্নআয়ের মানুষ।
সম্প্রতি ঝিকরগাছা পৌরসভার রফিকুল ইসলাম তাঁর পা ভাঙা স্ত্রীকে এক্সরে করাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তবে হাসপাতালে এক্সরে কার্যক্রম বন্ধ থাকায় প্রয়োজনীয় পরীক্ষা করাতে না পেরে হতাশ হয়ে ফিরে যেতে হয় তাঁকে। অন্যদিকে, সত্তরোর্ধ্ব জয়নাব বেগম একাধিক জটিল রোগে আক্রান্ত। চিকিৎসকের পরামর্শ নিতে হাসপাতালে এলেও প্রয়োজনীয় ওষুধ না পেয়ে মন খারাপ করে বাড়ি ফিরতে হয়েছে তাঁকে।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের অভিযোগ, সরকারি হাসপাতালে চিকিৎসকের পরামর্শ পাওয়া গেলেও প্রয়োজনীয় ওষুধ মিলছে না। বাধ্য হয়ে বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে। এতে চিকিৎসার খরচ বেড়ে যাওয়ায় বিশেষ করে দরিদ্র ও নিম্নআয়ের রোগীরা বেশি বিপাকে পড়ছেন। শুধু বহির্বিভাগের রোগী নয়, হাসপাতালে ভর্তি রোগীদেরও প্রয়োজনীয় ওষুধের বড় অংশ বাইরে থেকে কিনে আনতে হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
এক্সরে কার্যক্রম বন্ধের বিষয়ে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রশিদ বলেন, কবে নাগাদ এক্সরে চালু হবে, তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। ফিল্ম সরবরাহ পাওয়া গেলেই আবার এক্সরে কার্যক্রম শুরু হবে।
হাসপাতালে ওষুধ সংকটের কথা স্বীকার করে তিনি বলেন, সরকার নির্ধারিত এসেনশিয়াল ড্রাগস কোম্পানি ঠিকমতো ওষুধ সরবরাহ না করায় এ সংকট তৈরি হয়েছে। ডিসেম্বর নাগাদ সংকট কাটতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।
এদিকে, দীর্ঘদিন ধরে এক্সরে কার্যক্রম বন্ধ এবং প্রয়োজনীয় ওষুধের সংকটে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত এক্সরে ফিল্ম ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ নিশ্চিত করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাভাবিক চিকিৎসাসেবা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তারা।
মতামত