ফরিদপুরের চরভদ্রাসনে ১৩ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে কারী মো. মাসুদ নামে ২৭ বছর বয়সী এক শিক্ষককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল পৌনে ৫টার দিকে চরভদ্রাসন ও সদরপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
আটক মাসুদ খুলনার ডুমুরিয়া উপজেলার গোদাগারা এলাকার মাহবুর গোলদারের ছেলে। তিনি চরভদ্রাসনের পূর্ব বিএস ডাঙ্গী জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মাদ্রাসায় শিক্ষকতা করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাদ্রাসাটির ১৩ বছর বয়সী এক ছাত্রকে ধর্ষণের অভিযোগ ওঠে শিক্ষক মাসুদের বিরুদ্ধে। বিষয়টি ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরে স্থানীয় কয়েকজন ওই শিক্ষককে মাদ্রাসা প্রাঙ্গণে একটি গাছের সঙ্গে বেঁধে রাখেন।
খবর পেয়ে চরভদ্রাসন থানার এসআই করিম, এসআই গোলামসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে শিক্ষক মাসুদকে আটক করে থানায় নিয়ে যায়।
চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলী জানান, ঘটনাস্থলটি চরভদ্রাসন ও সদরপুর থানার সীমান্তবর্তী এলাকায়। মাদ্রাসাটি সদরপুর থানার অধীন হওয়ায় প্রাথমিক আইনগত প্রক্রিয়া শেষে আটক শিক্ষককে সদরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে।
তিনি আরও জানান, এ ঘটনায় সদরপুর থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্তের পর অভিযোগের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
মতামত