মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নদী ও প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পৃথক দুটি মামলায় এ দণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন;কেদারপুর চা-বাগানের স্কুল লাইন এলাকার পবণ ঝরার ছেলে জুনেল ঝরা (৩০) এবং দিনারপুর চা-বাগানের দশঘর এলাকার গোপাল মুন্ডার ছেলে সোহাগ মুন্ডা (২৪)।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলামের নেতৃত্বে মির্জাপুর ইউনিয়নের রায়পরান, কেদারপুর চা-বাগান ও দিনারপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। একপর্যায়ে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কেদারপুর চা-বাগানের দিনারপুর ছড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় জুনেল ও সোহাগকে হাতেনাতে আটক করা হয়।
পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের সংশ্লিষ্ট বিধান অনুযায়ী তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করে।
সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম বলেন,পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ও আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে। জীববৈচিত্র্য ও পরিবেশ সুরক্ষায় তিনি শ্রীমঙ্গলের সচেতন নাগরিকদের প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।
মতামত