রংপুর আঞ্চলিক তথ্য অফিসের আয়োজনে পীরগাছায় ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান, ২০২৬’ সফল করার লক্ষ্যে এক বিশেষ জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কোহিনুর বেগম উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. তাহের আলী। এতে সভাপতিত্ব করেন রংপুর আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো. শাহজাহান আলী।
প্রধান অতিথির বক্তব্যে মো. তাহের আলী জানান, এডিস মশা সাধারণত পরিষ্কার ও স্বচ্ছ পানিতে ডিম পাড়ে। তাই বাসা বাড়ির ফুলের টব, বালতি, ড্রাম, পরিত্যক্ত টায়ার কিংবা পানি জমার অন্যান্য পাত্র সবসময় পরিষ্কার রাখতে হবে এবং পানি ঢেকে সংরক্ষণ করতে হবে। শুধু নিজের বাড়ি নয়, প্রতিবেশীর আঙিনায় পানি জমে আছে কি না, সেদিকেও নজর দেওয়ার আহ্বান জানান তিনি।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক ও বিশেষ অতিথি মো. আলমগীর হোসেন প্রামাণিক বলেন, ডেঙ্গুর ভয়াবহতা থেকে বাঁচতে কেবল সচেতনতার কথা শুনলেই চলবে না, বরং তা দৈনন্দিন জীবনে বাস্তবায়ন করতে হবে। একজন সচেতন মানুষই পারে একটি সচেতন পরিবার এবং পরিশেষে একটি সুস্থ সমাজ গড়ে তুলতে।
সভাপতির বক্তব্যে সিনিয়র তথ্য অফিসার মো. শাহজাহান আলী বলেন, শরীরে হঠাৎ তীব্র জ্বর, মাথা বা শরীর ব্যথা কিংবা র্যাশ দেখা দিলে কালক্ষেপণ না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। মশার বংশবিস্তার রোধে চারপাশ পরিষ্কার রাখার পাশাপাশি শিক্ষার্থীদের নিজেদের সুরক্ষিত রাখতে এবং অন্যদেরও এ বিষয়ে সচেতন করার তাগিদ দেন তিনি। অনুষ্ঠান শেষে একটি ডেঙ্গুমুক্ত ও পরিচ্ছন্ন দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
মতামত