আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় দেশের বাজারেও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ প্রতি ভরিতে ১ হাজার ৬৯১ টাকা কমানো হয়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন দাম ঘোষণা করে বাজুস। ওইদিন সকাল ১০টা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে। রোববারও এই দামেই স্বর্ণ বিক্রি হবে।
নতুন তালিকায় ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫৭৪ টাকা কমিয়ে ২ লাখ ২২ হাজার ৪৯০ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৩০১ টাকা কমে হয়েছে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরিতে ১ হাজার ১০৮ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।
এর আগে ১৯ সেপ্টেম্বর ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা করেছিল বাজুস। একই সময়ে ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯২ হাজার ৩৯৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা। এক সপ্তাহ না যেতেই আবারও দাম কমানো হলো।
বাজুসের হিসাবে, চলতি বছরে এখন পর্যন্ত ১১৭ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫৮ বার দাম বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে ৫৯ বার। ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম পরিবর্তন করা হয়েছিল। ওই বছর ৬৪ বার দাম বাড়ার বিপরীতে ২৯ বার কমেছিল।
এদিকে, চলতি বছরের ২৯ জানুয়ারি দেশের বাজারে স্বর্ণের সর্বোচ্চ দাম উঠেছিল। সেদিন ২২ ক্যারেটের প্রতি ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৮৬ হাজার ১ টাকা। এটিই এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের সর্বোচ্চ দাম।
মতামত