বিশ্ববাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ার প্রভাব পড়েছে দেশের বাজারেও। এরই ধারাবাহিকতায় স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে সর্বসম্মতভাবে নতুন দাম নির্ধারণ করা হয়। ওই দিন সকাল ১০টা থেকে সংশোধিত মূল্য কার্যকর হয়েছে। আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাজারে এই নির্ধারিত দামেই স্বর্ণ বিক্রি হবে।
বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, ১১ দশমিক ৬৬৪ গ্রাম বা এক ভরি ২২ ক্যারেট হলমার্ক করা স্বর্ণের দাম ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। একই পরিমাণ ২১ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা।
এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে গুনতে হবে ১ লাখ ৯২ হাজার ৩৯৭ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা।
বাজুস জানিয়েছে, তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের মূল্য বৃদ্ধিসহ সার্বিক বাজার পরিস্থিতি পর্যালোচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
অলংকারের নকশা অনুযায়ী ক্রেতাকে মজুরি দিতে হবে। তবে স্বর্ণ ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না।
পুরোনো স্বর্ণের অলংকার বদলানোর ক্ষেত্রে মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে ১২ শতাংশ এবং পুরোনো অলংকার সরাসরি বিক্রির ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দেওয়ার নিয়ম জানিয়েছে বাজুস।
মতামত