দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল করতে বিরোধী দল নতুন করে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। একইসঙ্গে তিনি বিরোধী দলের কর্মকাণ্ডের সঙ্গে ৫ আগস্ট দেশ ছেড়ে যাওয়া আওয়ামী লীগ সরকারের সংশ্লিষ্টদের কর্মকাণ্ডের মিল রয়েছে বলেও দাবি করেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে ওয়াপদাখালের তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ্যানি বলেন, বিরোধী দলের বক্তব্য ও আচরণকে তারা গণতন্ত্রের সৌন্দর্য হিসেবে তুলে ধরছে। কিন্তু এমন রাজনৈতিক আচরণ দেশের মানুষ অতীতেও গ্রহণ করেনি, ভবিষ্যতেও করবে না বলে মন্তব্য করেন তিনি।
বিরোধী দলের কর্মসূচির প্রসঙ্গ তুলে পানিসম্পদমন্ত্রী বলেন, ১১ দলের দাবি পূরণ না হলে বোমাবাজি ও ককটেল হামলা বন্ধ হবে না এমন বক্তব্য দেওয়া হচ্ছে। তার দাবি, এসব কর্মকাণ্ড গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করার একটি পরিকল্পনার অংশ।
তিনি আরও অভিযোগ করেন, ৫ আগস্ট দেশ ছেড়ে যাওয়া ব্যক্তিরা দেশের বাইরে থেকে গাড়িতে অগ্নিসংযোগ, ককটেল হামলা ও ঝটিকা মিছিলের মতো কর্মকাণ্ডে ভূমিকা রাখছে। বর্তমান বিরোধী দলের বক্তব্য, কর্মকাণ্ড ও এসব তৎপরতার মধ্যে মিল রয়েছে বলেও তিনি দাবি করেন।
দেশ, গণতন্ত্র ও তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে এ্যানি বলেন, বিএনপি দীর্ঘদিন রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে রাজনীতি করেছে। ভবিষ্যতেও রাজপথেই ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করার কথা জানান তিনি।
এদিকে একই দিনে লক্ষ্মীপুরে ওয়াপদাখালের তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ জামান খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি এবং সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
মতামত