নবম জাতীয় বেতন স্কেলে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণের ক্ষেত্রে ব্যক্তিগত তথ্যের সঠিকতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নম্বর, জন্মতারিখ কিংবা নিবন্ধিত মোবাইল নম্বরে সামান্য অমিল থাকলেও অনলাইন পে ফিক্সেশনে জটিলতা দেখা দিতে পারে।
অর্থ বিভাগের জরুরি নির্দেশনা অনুযায়ী, নতুন বেতন নির্ধারণের পুরো প্রক্রিয়াটি অনলাইনে আইবাস প্লাস প্লাসের মাধ্যমে সম্পন্ন হবে। নন-গেজেটেড কর্মচারীদের এনআইডি নম্বর ও জন্মতারিখ দিয়ে সিস্টেমে প্রবেশ করতে হবে। এরপর নিবন্ধিত মোবাইল নম্বরে পাঠানো ওটিপির মাধ্যমে পরিচয় যাচাই করা হবে।
বিদেশে থাকা সরকারি কর্মচারীদের জন্য আইবাস প্লাস প্লাসে নিবন্ধিত ই-মেইলে ওটিপি পাঠানোর ব্যবস্থা রাখা হয়েছে। কোনো কর্মচারীর এনআইডি না থাকলে পে ফিক্সেশনের আগে তাকে এনআইডির জন্য নিবন্ধন করতে হবে।
বিশেষ করে চাকরির রেকর্ডে থাকা জন্মতারিখের সঙ্গে এনআইডির জন্মতারিখের মিল না থাকলে পে ফিক্সেশনের আগেই এনআইডির তথ্য সংশোধন করতে হবে। তাই নতুন বেতন নির্ধারণের আগে ব্যক্তিগত তথ্য সঠিক ও হালনাগাদ আছে কি না, তা যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
গেজেটেড কর্মকর্তাদের ক্ষেত্রে প্রক্রিয়াটি কিছুটা আলাদা। তারা আইবাস প্লাস প্লাসের নিজস্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে সিস্টেমে প্রবেশ করবেন। প্রয়োজনীয় তথ্য পূরণ করে সেখান থেকেই পে ফিক্সেশন সম্পন্ন করতে হবে।
নির্ধারিত ছকে তথ্য পূরণের পর কর্মচারী চূড়ান্তভাবে সাবমিট করার আগেই সিস্টেমে তার নতুন নির্ধারণযোগ্য মূল বেতন দেখানো হবে। তথ্য সাবমিট করার পর নিবন্ধিত মোবাইল নম্বরে স্বয়ংক্রিয়ভাবে এসএমএস পাঠানো হবে। এরপর সংশ্লিষ্ট তথ্য ডিডিওর কাছে যাবে।
ডিডিও প্রয়োজনীয় যাচাই শেষে বেতন নির্ধারণী বিবরণী সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিসে পাঠাবেন। হিসাবরক্ষণ কর্মকর্তা অনলাইনে তথ্য যাচাই করে অনুমোদন দিলে সিস্টেম থেকে স্বয়ংক্রিয়ভাবে একটি ভেরিফিকেশন নম্বর তৈরি হবে।
এ প্রক্রিয়ায় ম্যানুয়াল স্বাক্ষরের প্রয়োজন হবে না। তবে সার্ভিস বহিতে ভেরিফিকেশন নম্বর ও নির্ধারিত বেতন লিখে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে স্বাক্ষর করতে হবে। গেজেটেড কর্মকর্তাদের ক্ষেত্রে অডিট রেজিস্টারের মানি-কলামেও নির্ধারিত বেতন ও ভেরিফিকেশন নম্বর লিপিবদ্ধ করার বিধান রয়েছে।
অর্থ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সরকারি কর্মচারীদের দ্রুত ও স্বচ্ছভাবে একই নিয়মে বেতন নির্ধারণের লক্ষ্যেই অনলাইন পে ফিক্সেশন ব্যবস্থা চালু করা হচ্ছে। তবে তথ্যের ভুল বা অসামঞ্জস্য থাকলে পরবর্তী যাচাইয়ের সময় তা সংশোধন করতে হতে পারে।
অনলাইন পে ফিক্সেশনের বিস্তারিত নির্দেশিকা আইবাস প্লাস প্লাসের লগইন পেজ, অর্থ বিভাগের ওয়েবসাইট, হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের ওয়েবসাইট এবং পে ফিক্সেশন ডট গভ ডট বিডিতে পাওয়া যাবে।
মতামত