রাজধানীর ইসিবি চত্বরে নিজের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। তিনি বলেছেন, বাংলাদেশের আইনব্যবস্থার ওপর তার আস্থা নেই। তবে আনুষ্ঠানিকতার অংশ হিসেবে একটি মামলা করবেন বলে জানিয়েছেন তিনি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন সালমান মুক্তাদির।
এর আগে দক্ষিণ মানিকদীর নিউগিনি প্রপার্টিজ এলাকায় সশস্ত্র একটি দলের হামলা, গুলিবর্ষণ ও লুটপাটের অভিযোগ ওঠে। ওই ঘটনায় হাউজিং সোসাইটির কার্যালয় থেকে প্রায় এক কোটি টাকা লুটের অভিযোগ করেছে কর্তৃপক্ষ। একই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় সালমান মুক্তাদিরের স্টুডিও। সেখানে কর্মীদের মারধর, ভাঙচুর ও লুটপাটের অভিযোগও করেছেন তিনি।
সালমান বলেন, চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরে তিনি ঘটনার খবর পেয়েছেন। তার দাবি, বাংলাদেশে অনেক ঘটনাই রাজনৈতিক প্রভাবের সঙ্গে জড়িত। এ ঘটনাকেও তিনি ব্যক্তিগত বিরোধ হিসেবে দেখছেন না বলে জানান।
তিনি বলেন, ঘটনার কারণে তিনি নিজে মানসিকভাবে ভেঙে পড়লে তার কর্মী, টিমের সদস্য ও অংশীদাররাও ভেঙে পড়বেন। তাই পরিস্থিতি সামলে সামনে এগিয়ে যাওয়ার কথা জানান তিনি।
স্টুডিওর ক্ষয়ক্ষতি প্রসঙ্গে সালমান জানান, সেখানে বিভিন্ন ক্লায়েন্টের কাজ, ফুটেজ ও শুটিংয়ের সরঞ্জাম ছিল। প্রায় ৩০ থেকে ৪০ জন ক্লায়েন্টের কাজ ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে। তবে তাৎক্ষণিকভাবে মোট ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব নয় বলে জানান তিনি। আইনজীবীর সঙ্গে আলোচনা করে পরে এ বিষয়ে বিস্তারিত জানাবেন বলেও উল্লেখ করেন।
সালমান আরও বলেন, এই ঘটনার পরও তিনি নিজের কাজ চালিয়ে যাবেন। স্টুডিও আগের মতো সাজানো অবস্থায় না থাকলেও সৃজনশীল কাজ থেকে সরে দাঁড়াবেন না। প্রয়োজনে দেশের বাইরে থেকেও নিজের কাজ ও কনটেন্ট তৈরির কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানান তিনি।
দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে নিজের অবস্থান তুলে ধরে সালমান বলেন, চলমান পরিস্থিতিকে শুধু দেশের ব্যর্থতা হিসেবে দেখলে হবে না; এর দায় সমাজের বিভিন্ন পক্ষের ওপরও রয়েছে। নিজের ব্যর্থতাও স্বীকার করা উচিত বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, একজন নাগরিক হিসেবে নিজের ভুল বা ব্যর্থতা স্বীকার করার সাহস থাকলে রাজনৈতিক দল ও দায়িত্বশীল পদে থাকা ব্যক্তিদেরও নিজেদের ব্যর্থতা স্বীকার করার মানসিকতা থাকা উচিত।
মতামত