রাজধানীর বিভিন্ন স্থানে হামলা ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় কঠোর অবস্থানের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেছেন, দেশের শান্তিশৃঙ্খলা নষ্ট করে কিংবা আইন অমান্য করে কেউ পার পাবে না।
রোববার (২৭ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সাম্প্রতিক সময়ে ঢাকায় সালমান মুক্তাদিরের স্টুডিও এবং মিরপুরের একটি ক্লিনিকে হামলার ঘটনা নিয়ে সরকারের পদক্ষেপ জানতে চাইলে মাহদী আমিন বলেন, বিদেশ সফর শেষে দেশে ফেরায় তিনি ঘটনাগুলো সম্পর্কে বিস্তারিত জেনেছেন। এরই মধ্যে মিরপুর-১ নম্বরের স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার ঘটনায় দ্রুত ৯ জনকে আইনের আওতায় আনা হয়েছে।
তিনি বলেন, কোনো অপরাধী যদি সরকারের কোনো উচ্চপদস্থ কর্মকর্তা কিংবা রাজনৈতিক দলের প্রভাবশালী ব্যক্তির নাম ব্যবহার করেও অপরাধ করার চেষ্টা করে, তবুও তাকে ছাড় দেওয়া হবে না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।
মাহদী আমিন বলেন, ‘কেউ যদি সরকারের কর্তাব্যক্তি কিংবা দলের কারও নাম-পরিচয় ব্যবহার করে এ ধরনের কর্মকাণ্ড করে, তাহলে আইন তার নিজস্ব গতিতেই চলবে। সরকার এ বিষয়ে সর্বোচ্চ কঠোর অবস্থান নেবে।’
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আশ্বস্ত করেন তিনি। মাহদী আমিন বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাধারণ মানুষের নিরাপত্তা ও আইনের শাসন নিশ্চিত করতে সরকার যেকোনো ধরনের অস্থিতিশীলতা কঠোরভাবে মোকাবিলা করবে।
মতামত