জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
নিউইয়র্কে স্থানীয় সময় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বৈঠকে উচ্চপর্যায়ের সফর বিনিময়, প্রতিরক্ষা সহযোগিতা, নবায়নযোগ্য ও সবুজ জ্বালানি এবং বাংলাদেশে তুর্কি কোম্পানিগুলোর বিনিয়োগের সুযোগ নিয়ে মতবিনিময় করেন দুই দেশের প্রতিনিধিরা।
এ ছাড়া তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠেয় ‘কপ-৩১’ সম্মেলন নিয়েও আলোচনা হয়। সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়টিও বৈঠকে উঠে আসে।
এ সময় ২০২৭ সালের শুরুতে বাংলাদেশে অনুষ্ঠিতব্য ‘আন্তর্জাতিক ক্রীড়া সম্মেলনে’ তুরস্ককে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বৈঠকে দুই পক্ষই পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও গভীর ও কার্যকর করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।
মতামত