পেশাগত দায়িত্ব পালনকালে অসাধারণ দক্ষতা, সততা, নিষ্ঠা এবং সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ 'পিপিএম-সেবা' পদক অর্জন করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তাঁর হাতে এই পদক তুলে দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদের এই অর্জন তাঁর দীর্ঘদিনের পেশাদারিত্ব, কর্মদক্ষতা এবং গতিশীল নেতৃত্বের অনন্য এক স্বীকৃতি। তাঁর এই সাফল্যে রংপুর মেট্রোপলিটন পুলিশের সর্বস্তরের কর্মকর্তা ও সদস্যদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়। আরপিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর এই অর্জন পুরো পুলিশ বাহিনীর ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে। পাশাপাশি তাঁর বলিষ্ঠ নেতৃত্বে রংপুর মেট্রোপলিটন পুলিশ আগামী দিনে আরও বেশি জনবান্ধব, দক্ষ ও প্রযুক্তিনির্ভর পুলিশিং সেবা নিশ্চিত করতে সক্ষম হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করা হয়।
এদিকে, পিপিএম-সেবা পদক লাভ করায় রংপুর মেট্রোপলিটন পুলিশের সকল পদমর্যাদার কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
মতামত