তথাকথিক শ্রমিক সংগঠনের নামে একটি স্বার্থান্বেষী মহল চট্টগ্রাম বিআরটিএ সার্কেল ১ এর একজন সৎ উপপরিচালকসহ কর্মকর্তাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সাংবাদিক সম্মেলনের নামে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা শ্রমিক দল, চট্টগ্রাম মহানগর (রেজি. নং-বি-২০৭৫)। চট্টগ্রাম প্রেসক্লাব হলরুমে এক সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানানো হয়।
সংগঠনটির নেতারা অভিযোগ করে বলেন, একটি মহল নিজেদের অনৈতিক সুযোগ-সুবিধা হাসিলে ব্যর্থ হয়ে সরকারি দপ্তর ও দায়িত্বশীল কর্মকর্তাদের বিরুদ্ধে মনগড়া তথ্য ও বেনামি অভিযোগপত্র ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। এর মাধ্যমে প্রশাসনের স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত করার পাশাপাশি বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে বলেও দাবি করেন তারা।
সংবাদ সম্মেলনে দেওয়া লিখিত বক্তব্যে বলা হয়, ‘বাংলাদেশ সিএনজি অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন’-এর সভাপতি মো. শিপন ও সাধারণ সম্পাদক মো. জহির উদ্দিনের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা শ্রমিক দলের কোনো সম্পর্ক নেই। তারা ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে সংগঠনের নাম ব্যবহার করছেন বলেও অভিযোগ করা হয়।
এইদিকে চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি এম এ নাজিমুদ্দিন বিআরটিএ 'র সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে একটি স্বার্থন্বেষী মহলের সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ভাবে যেসব অপ্রচার চালানো হচ্ছে এ বিষয়ে প্রশাসনসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সতর্ক থাকার আহ্বান জানান।
মতামত