কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের সাহস ও সংযমের প্রশংসা করেছেন সাংবাদিক শহিদুল আলম। তিনি বলেছেন, দেশে থাকলে সালমানের স্টুডিওতে গিয়ে তাকে জড়িয়ে ধরতেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানান শহিদুল আলম।
এর আগে শনিবার দিবাগত রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর পর সেখানে হামলা চালানো হয়। এ সময় স্টুডিওর বিভিন্ন যন্ত্রপাতি, সিসি ক্যামেরা ও অন্যান্য সামগ্রী ভাঙচুর এবং লুটপাট করা হয়।
ঘটনার পর ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় সালমান মুক্তাদির বলেন, বাংলাদেশে যারা নতুন কিছু করতে চান, তাদের অনেক প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। তিনি জানান, দীর্ঘ ১২ বছরে একটি ছোট কক্ষ থেকে কাজ শুরু করে তিনি বর্তমান অবস্থানে এসেছেন।
সালমান বলেন, কোনো রাজনৈতিক পক্ষের তোষামোদ না করলে, ব্যক্তিগত কোনো ‘ব্যাকআপ’ না থাকলে কিংবা অর্থ দিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে এমন পরিস্থিতির মুখে পড়তে হতে পারে। তবে এসবের পরও তিনি ভেঙে পড়েননি এবং আরও বড় কিছু করার প্রত্যয় ব্যক্ত করেন।
তার ভিডিও বার্তার প্রতিক্রিয়ায় শহিদুল আলম লেখেন, ‘বাংলাদেশে থাকলে আমি সোজা এই স্টুডিওতে চলে যেতাম এবং এই তরুণকে তার সাহস ও সংযমের জন্য জড়িয়ে ধরতাম। শক্ত থাকো ভাই।’
তিনি আরও বলেন, শুধু সালমানের সাহসের প্রশংসা করলেই বিষয়টি শেষ হওয়া উচিত নয়। তার ভাষ্য, তিনি ঘটনার বিচার চান এবং চাঁদাবাজির সংস্কৃতির অবসান চান। যারা এর বিরুদ্ধে অবস্থান নেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চাঁদাবাজির সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানান তিনি।
মতামত