লিভারপুলের সাবেক ফুটবলার ও মিসরের অধিনায়ক মোহাম্মদ সালাহ ইংল্যান্ডে ছয় মাসের জন্য গাড়ি চালানোর নিষেধাজ্ঞার মুখে পড়েছেন। তার রোলস-রয়েস গত মার্চে চেশায়ারের উইল্মসলো এলাকায় নির্ধারিত গতিসীমা অতিক্রম করায় এই শাস্তি দেওয়া হয়েছে।
আদালতের নথি অনুযায়ী, গত ২৭ মার্চ ৩০ মাইল (প্রায় ৪৮ কিলোমিটার) গতিসীমার একটি সড়কে সালাহর বিলাসবহুল গাড়িটি ঘণ্টায় ৩৬ মাইল (প্রায় ৫৮ কিলোমিটার) বেগে চলতে ধরা পড়ে। তবে গাড়িটি চালাচ্ছিলেন কে, সে বিষয়ে পুলিশকে কোনো তথ্য দেননি ৩৪ বছর বয়সী এই ফুটবলার।
চেশায়ার পুলিশ এ ঘটনায় একটি নোটিশ পাঠালেও সালাহ তার জবাব দেননি। এমনকি অভিযোগের বিষয়ে আদালতেও কোনো বক্তব্য বা জবাব জমা দেননি।
ওয়ারিংটন কম্বাইন্ড কোর্টে ‘সিঙ্গেল জাস্টিস প্রোসিডিউর’-এর আওতায় মামলাটির শুনানি হয়। আদালত সালাহকে চালকের পরিচয় সংক্রান্ত তথ্য না দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত করে। একই সঙ্গে ছয় মাসের জন্য গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা এবং ১ হাজার ৪৪ পাউন্ড জরিমানা করা হয়।
মতামত