বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, জ্বালানি সংকটের মধ্যে সাড়ে চারশো গাড়ি নিয়ে রংপুরে লংমার্চ করার সময় বিরোধী দলের কিছু গাড়ি টোল পরিশোধ করেনি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করতেই বিরোধী দল লংমার্চের কর্মসূচি পালন করছে। জ্বালানি তেলের দাম বাড়ার পেছনে বৈশ্বিক সংকটের প্রভাব রয়েছে। কিন্তু সেই বিষয়টি সামনে না এনে বিরোধী দল ব্যক্তিগত আক্রমণ করছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, বিরোধী দল হিসেবে সংসদ ও রাজপথে আন্দোলন করা তাদের গণতান্ত্রিক অধিকার। এ কারণেই সরকার তাদের কোনো কর্মসূচিতে বাধা দেয়নি। তবে বৈশ্বিক সংকটের প্রভাব তুলে না ধরে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা।
রাজশাহী রেলস্টেশনে হামলার প্রসঙ্গে রিজভী বলেন, সেখানে গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা নজিরবিহীন হামলা চালিয়েছে। জনগণের সঙ্গে বারবার প্রতারণার কারণে জামায়াতে ইসলামীকে জনগণ গ্রহণ করেনি বলেও মন্তব্য করেন তিনি। তার দাবি, এখনো দলটি জনগণের সঙ্গে প্রতিনিয়ত প্রতারণা করে যাচ্ছে।
আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের রিজার্ভ বেড়েছে। এর ফলে চলমান সংকট কিছুটা হলেও মোকাবিলা করা সম্ভব হচ্ছে। বৈশ্বিক সংকট কেটে গেলে মানুষের ভোগান্তিও কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মতামত