জ্বালানি তেলের দাম বাড়ানোর পর দেশের দূরপাল্লা ও নগর পরিবহনে বাসের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পরিবহন মালিকদের সঙ্গে সড়ক পরিবহণ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে আজই প্রজ্ঞাপন জারি হতে পারে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লা ও শহরের বাস ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা করে বাড়বে। রাজধানীর বাস ভাড়াও একই হারে বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস জানান, সরকারি হিসাবে বাস ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ার কথা ছিল। তবে জনস্বার্থ বিবেচনায় এর চেয়ে ৩ পয়সা কম নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ফলে কার্যকরভাবে ভাড়া বাড়বে ১৭ পয়সা।
তিনি বলেন, মালিকরা বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে আলোচনা করে এ বিষয়ে চুক্তি করবেন। মহানগর কিংবা জেলা—সব এলাকাতেই নির্ধারিত হারের চেয়ে ৩ পয়সা কম নেওয়া হবে। আজই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে বলেও জানান তিনি।
এর আগে সোমবার বিআরটিএ যাত্রীবাহী বাসের ভাড়া বাড়ানোর প্রস্তাব দেয়। ওই প্রস্তাবে দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এবং নগর পরিবহনে ১৮ পয়সা ভাড়া বৃদ্ধির কথা বলা হয়েছিল।
এর আগে চলতি বছরের এপ্রিলে ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানো হয়। তখন বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১১ পয়সা বাড়ানো হয়েছিল।
সর্বশেষ ভাড়া সমন্বয়ের আগে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া ছিল কিলোমিটারপ্রতি ২ টাকা ৫৩ পয়সা। মিনিবাসের ক্ষেত্রে এই হার ছিল ২ টাকা ৪২ পয়সা।
দূরপাল্লার ৫২ আসনের বাসের ক্ষেত্রে কিলোমিটারপ্রতি ভাড়া ছিল ২ টাকা ২৩ পয়সা। তবে বিভিন্ন রুটে নন-এসি বাসের আসন কমিয়ে ৪০ বা তারও কম করা হয়েছে। এসব বাসে তুলনামূলক বেশি ভাড়া নেওয়া হয়। এর সঙ্গে সেতু ও সড়কের টোলও যুক্ত থাকে।
নতুন করে কিলোমিটারপ্রতি ১৭ পয়সা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর হলে দূরপাল্লা ও নগর পরিবহনের বাসের ভাড়া নতুন করে নির্ধারণ করা হবে।
মতামত