মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, অপরাধমুক্ত সমাজ গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে অত্যন্ত বর্ণিল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬। জমজমাট এই প্রতিযোগিতার ফাইনালে কোতোয়ালি থানা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে তারাগঞ্জ থানা দল।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ মাঠে ফাইনাল খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক। এর আগে, রোববার (২০ সেপ্টেম্বর) একই মাঠে ৮টি থানার অংশগ্রহণে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছিল। টুর্নামেন্টে সার্বিক পৃষ্ঠপোষকতা করেছে স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, কাবাডি আমাদের জাতীয় খেলা এবং গ্রামবাংলার ঐতিহ্য। তরুণ প্রজন্মকে মাদক, জুয়া ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। যুবসমাজ দেশের মূল শক্তি। তাদের সৃজনশীল ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত করতে পারলে সমাজকে অপরাধমুক্ত রাখা সহজ হবে। এছাড়া পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও আস্থা বাড়াতেও এমন উদ্যোগ অনন্য ভূমিকা রাখে বলে তিনি মন্তব্য করেন।
প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী পর্বে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. শরিফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) সনজয় কুমার সরকার, সহকারী পুলিশ সুপার মো. রাসেল রানা, মো. মুকুল হোসেন, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. আবু রায়হানসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের কাস্টমার সার্ভিস ম্যানেজার রেজওয়ান রনি।
মতামত