প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী ও বিএনপি নেতা রাশেদ খাঁনের মূল কাজ জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে নেতিবাচক বক্তব্য দেওয়া এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রংপুর নগরীর একটি কনভেনশন সেন্টারে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির আয়োজিত ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে রাশেদ খাঁনের বক্তব্য প্রসঙ্গে এ মন্তব্য করেন শিবির সভাপতি।
রংপুরে একইদিন বিরোধী দলগুলোর লংমার্চ ও বিভিন্ন আন্দোলন কর্মসূচি নিয়ে রাশেদ খাঁনের বক্তব্যের প্রসঙ্গ তুলে সাংবাদিকরা নুরুল ইসলাম সাদ্দামের কাছে জানতে চান। জবাবে তিনি রাশেদ খাঁনের রাজনৈতিক সহকারী পদ নিয়েও প্রশ্ন তোলেন।
নুরুল ইসলাম সাদ্দাম বলেন, রাশেদ খাঁন বিশেষ কোটায় সহকারী হয়েছেন এবং তার দায়িত্ব কী, সে বিষয়েও প্রশ্ন রয়েছে। তার দাবি, জামায়াত ও ছাত্রশিবিরের বিরুদ্ধে নেতিবাচক কথা বলা অথবা ইতিবাচক বিষয়কেও নেতিবাচকভাবে উপস্থাপন করাই রাশেদ খাঁনের প্রধান কাজ।
বিরোধী দলগুলোর লংমার্চ প্রসঙ্গে শিবির সভাপতি বলেন, শুধু জ্বালানি তেলের সংকটকে কেন্দ্র করে এই কর্মসূচি দেওয়া হয়নি। সাত দফা দাবির মধ্যে জুলাই গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন, প্রশাসন, সিটি করপোরেশন ও বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণের অভিযোগের অবসান, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয় রয়েছে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশ তৈরির দাবিও রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
দেশে ‘অরাজক পরিস্থিতি’ তৈরি হয়েছে দাবি করে তিনি জুলাই গণভোটের রায় ও জুলাই চার্টার বাস্তবায়ন না হওয়ার অভিযোগ করেন। একই সঙ্গে শেখ হাসিনার বিচারপ্রক্রিয়ার অগ্রগতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন।
লংমার্চে জ্বালানি তেল ব্যবহারের সমালোচনাকে আন্দোলনের মূল বিষয় থেকে দৃষ্টি সরানোর চেষ্টা বলে মন্তব্য করেন নুরুল ইসলাম সাদ্দাম। তার ভাষ্য, বিরোধী দল নিজেদের অর্থায়নে কর্মসূচি পালন করছে এবং এতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রয়েছে।
তিনি বলেন, আন্দোলনের উদ্দেশ্য নিয়ে আলোচনা না করে জ্বালানি তেলসহ বিভিন্ন বিষয় সামনে এনে মূল দাবি থেকে দৃষ্টি সরানোর চেষ্টা করা হচ্ছে।
বিরোধী দল ও ১১ দলীয় ঐক্যের কর্মসূচির প্রতি ছাত্রশিবিরের পূর্ণ সমর্থন রয়েছে বলেও জানান তিনি। নিজেদের সামর্থ্য অনুযায়ী বিরোধী দলগুলোর পাশে থাকার চেষ্টা করার কথা বলেন শিবির সভাপতি।
এ সময় বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগকে আবার রাজনীতিতে ফেরার সুযোগ করে দেওয়ার অভিযোগও করেন নুরুল ইসলাম সাদ্দাম। নির্বাচনের আগে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের কোনো ধরনের সমঝোতা হয়েছিল এবং আওয়ামী লীগের সহযোগিতায় বিএনপি নির্বাচনে সুবিধা পেয়েছে—এমন দাবি করেন তিনি। তবে এসব দাবির পক্ষে দেওয়া বক্তব্য ও উদাহরণকে নিজের রাজনৈতিক বিশ্লেষণ হিসেবে তুলে ধরেন তিনি।
রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের প্রশ্নে ছাত্রশিবিরের অবস্থান অপরিবর্তিত থাকবে জানিয়ে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল, মহানগর ছাত্রশিবির সভাপতি আনিসুর রহমান, সেক্রেটারি সাজ্জাদ হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি রাকিব মুরাদসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মতামত