সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তার স্ত্রীর দেশ-বিদেশের সম্পদের তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ বিষয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে প্রয়োজনীয় তথ্য ও নথিপত্র চেয়ে চিঠি পাঠিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মো. জাহেদ কালামের সই করা চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
চিঠিতে আসিফ মাহমুদ ও তার স্ত্রীর নামে দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে থাকা হিসাবের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। এর মধ্যে চালু, সুপ্ত ও বন্ধ হিসাবের পাশাপাশি ডেবিট-ক্রেডিট কার্ড, লকার, বন্ড, সঞ্চয়পত্র, এফডিআর, ডিপিএস এবং ঋণসংক্রান্ত নথিও রয়েছে।
এ ছাড়া পর্তুগাল, অস্ট্রেলিয়া, দুবাই, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডে জমি কেনা, অর্থপাচার এবং শেল কোম্পানি গঠনের অভিযোগের বিষয়ে তথ্য ও সংশ্লিষ্ট নথি চেয়েছে দুদক।
ওই পাঁচ দেশে তাদের নামে কোনো ব্যাংক হিসাব বা বিনিয়োগ রয়েছে কি না, বিদেশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগের মাধ্যমে সে সম্পর্কিত কোনো তথ্য পাওয়া গেছে কি না তাও বিএফআইইউর কাছে জানতে চাওয়া হয়েছে।
চিঠিতে আসিফ মাহমুদ ও তার স্ত্রীর বিরুদ্ধে উত্থাপিত এসব অভিযোগের বিষয়টি উল্লেখ করা হয়েছে। এর আগে চলতি মাসের শুরুতে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্তের কথা জানিয়েছিল দুদক।
মতামত