ভারতের নয়াদিল্লিতে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দলটির কেন্দ্রীয় নেতাদের নির্ধারিত বৈঠকটি শেষ পর্যন্ত অনুষ্ঠিত হয়নি। শুক্রবার বৈঠকটি হওয়ার কথা থাকলেও কোনো কারণ না জানিয়ে তা বাতিল করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
আওয়ামী লীগের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ভারতে অবস্থানরত দলটির কেন্দ্রীয় কমিটির কয়েকজন নেতার ওই বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল। কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমকেও বৈঠকে থাকার জন্য বলা হয়েছিল।
সূত্রের তথ্য অনুযায়ী, নয়াদিল্লিতে শেখ হাসিনা যে বাসভবনে অবস্থান করছেন, সেখানেই বৈঠক আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকৌশল নিয়ে সেখানে আলোচনা হওয়ার কথা ছিল। পাশাপাশি শেখ হাসিনার আগে দেওয়া ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা নিয়েও আলোচনা হতে পারে বলে দলীয় পর্যায়ে ধারণা ছিল।
তবে শেষ মুহূর্তে বৈঠকটি বাতিল হওয়ায় এর কারণ নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে নানা আলোচনা চলছে। এখন পর্যন্ত বৈঠক বাতিলের বিষয়ে দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর সামরিক হেলিকপ্টারে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন।
মতামত