মৌলভীবাজারের কুলাউড়ায় রাজানগর চা বাগান থেকে একটি দেশীয় পাইপগান ও চায়না রাইফেলের দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-৯।
র্যাব জানায়,শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত ১২টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুড়ইছড়া গ্রামের পানাইপুঞ্জি রোডের পশ্চিম পাশে রাজানগর চা বাগানের আশপাশে অস্ত্র ও গুলি থাকার তথ্য পায় র্যাব-৯-এর শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল। পরে রাত ১২টা ২০ মিনিটের দিকে দলটি ঘটনাস্থলে পৌঁছে চা বাগানের ভেতরে ব্যাপক তল্লাশি চালায়।
তল্লাশির একপর্যায়ে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় একটি দেশীয় পাইপগান ও থানা থেকে লুট হওয়া দুই রাউন্ড চায়না রাইফেলের গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তবে উদ্ধারকৃত অস্ত্র ও গুলির সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থল থেকে আটক করা সম্ভব হয়নি।
র্যাব-৯ আরও জানায়,উদ্ধারকৃত অস্ত্র ও গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত ও আটকের লক্ষ্যে র্যাবের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
র্যাব-৯,সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
মতামত