মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহারের অভিযোগে একটি সাদা রঙের পাজেরো জিপও জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ৮ নম্বর কালীঘাট ইউনিয়নের ভুরভুরিয়া চা বাগান এলাকার বিটিআরআই সড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শ্রীমঙ্গল উপজেলার খোশবাস গ্রামের শাহ আলম (৩৮), কুলাউড়া উপজেলার বিলেরপাড় (পশ্চিম বিলেরপাড়) গ্রামের সালাউদ্দিন (২৯) এবং শ্রীমঙ্গল উপজেলার শংকরসেনা (শিববাড়ী) গ্রামের মো. আলী হোসেন (৩৯)।
পুলিশ জানায়,অভিযানের সময় তাদের দেহ তল্লাশি করে একটি দেশীয় তৈরি রামদা,একটি লোহার বোল্ট কাটার ও একটি স্টিলের এসএস রড উদ্ধার করা হয়। পাশাপাশি ঘটনাস্থল থেকে সাদা রঙের একটি পাজেরো জিপ জব্দ করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ সরকার আবদুল্লাহ আল মামুনের নির্দেশনায় এসআই মো. দেলোয়ার হোসেন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
পুলিশের ভাষ্য,গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে চুরি,ডাকাতি,ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় পুলিশ বাদী হয়ে পেনাল কোডের ৩৯৯ ও ৪০২ ধারায় মামলা করেছে। এ ঘটনায় জড়িত পলাতক সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
মতামত