সিলেটে দুই শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে ফয়জুল হক নামে এক মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে শাহপরান (রহ.) থানা পুলিশ জৈন্তাপুর থেকে তাকে আটক করে। পরে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তার ফয়জুল হক সিলেট সদর উপজেলার পীরের বাজার এলাকার একটি মাদরাসায় হিফজ শাখায় শিক্ষকতা করতেন। তার বিরুদ্ধে ৮ থেকে ১০ বছর বয়সী দুই শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে।
পুলিশ জানায়, শিশু দুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর ফয়জুলকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়। অভিযোগের বিষয়টি জানতে পেরে তিনি মাদরাসা থেকে চলে গিয়ে জৈন্তাপুরে অবস্থান নেন। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। তার বাড়িও জৈন্তাপুরে।
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আহমদ জানান, সম্প্রতি শিশু দুটি মাদরাসা থেকে বাড়ি ফেরার পর আর সেখানে যেতে চাইছিল না। পরিবারের সদস্যরা কারণ জানতে চাইলে তারা মাদরাসায় তাদের সঙ্গে ঘটে যাওয়া বিষয়গুলো জানায়।
শিশুদের ভাষ্য অনুযায়ী, তাদের প্রায়ই রাতে শিক্ষকের কক্ষে যেতে বলা হতো। সেখানে না গেলে মারধর করা হতো বলেও তারা অভিযোগ করেছে। বিষয়টি জানার পর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়।
ওসি জানান, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়জুল হক শিশু দুটির ওপর যৌন নির্যাতনের অভিযোগ স্বীকার করেছেন বলে পুলিশ দাবি করছে।
মামলায় গ্রেপ্তার দেখানোর পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। একই সঙ্গে নির্যাতনের অভিযোগ ওঠা দুই শিশুর মেডিকেল পরীক্ষা করানোর প্রক্রিয়া চলছে।
মতামত