স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার সামপ্রতিক রাজনৈতিক বক্তব্য ও ভূমিকার কঠোর সমালোচনা করে তাঁর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী ‘শেখ হাসিনার ছায়া’দেখতে পাওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিস্ফোরক পোস্টে তিনি এই মন্তব্য করেন। রাশেদ খাঁনের ওই বার্তাটি পাঠকদের জন্য তুলে ধরা হলো—
রাশেদ খাঁন লিখেছেন, “রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়! যখন নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইনের ফেসবুক পোস্ট আর রুমিন ফারহানা আপার ফেসবুক পোস্টের মধ্যে কোনো পার্থক্য থাকে না, তখন বলতেই হয়, জাতীয় সংসদে আওয়ামী লীগের একমাত্র যোগ্য প্রতিনিধি রুমিন ফারহানা আপা! হয়ত এ পারফরম্যান্স দেখে রুমিন ফারহানা আপাকে আওয়ামী লীগের বাংলাদেশ শাখার সভানেত্রী হিসেবেও দায়িত্ব দিতে পারে শেখ হাসিনা।”
তিনি দাবি করেন, রুমিন ফারহানার গতকালের বক্তব্য তাঁর অতীত অবস্থানের সম্পূর্ণ সাংঘর্ষিক। ২০২৬ সালের নির্বাচনের পূর্বে এবং ২০১৮ সালে সংরক্ষিত নারী আসনে এমপি থাকার সময় সরকারের বিরুদ্ধে দেওয়া বক্তব্যের মতোই এখন তিনি বিএনপির বিরুদ্ধে একই ভাষায় আক্রমণ করছেন।
জামায়াত নেতাদের সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, জামায়াতের আমীর রুমিন ফারহানাকে উৎসাহ দিচ্ছেন, অথচ কিছুদিন আগেই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের বক্তব্যের সময় জামায়াতের ৯০ জন এমপি সংসদে হট্টগোল করেছিলেন। জামায়াতের এমপি শফিকুল ইসলাম মাসুদের ২০০১-২০০৬ সালের বিএনপির সমালোচনার প্রসঙ্গে টেনে তিনি বলেন, ওই সরকারে তাদেরও কৃষিমন্ত্রী ছিলেন।
তিনি আরও অভিযোগ করেন, “পরিস্থিতি দেখে মনে হচ্ছে, জাতীয় সংসদে জামায়াত এমপি শফিকুল ইসলাম মাসুদ, হাসনাত আব্দুল্লাহ ও স্বতন্ত্র এমপি রুমিন ফারহানারা সবাই আওয়ামী বয়ানের পক্ষে বেঁধেছে জোট!” একইসঙ্গে নির্বাচনের পূর্বে রুমিন ফারহানা কর্তৃক হাসনাত আবদুল্লাহকে দেওয়া বিতর্কিত গালাগাল ও আপত্তিকর মন্তব্যের বিষয়টিও তিনি স্মরণ করিয়ে দেন।
মতামত