ফ্যাসিবাদী শাসনামলে নারী ও শিশুরাই সবচেয়ে বেশি নির্যাতন, লাঞ্ছনা ও অপমানের শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এসব নিপীড়নের বিরুদ্ধে জাতীয়তাবাদী মহিলা দল সবসময় প্রতিবাদ জানিয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রিজভী। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব মন্তব্য করেন।
রিজভী বলেন, আওয়ামী লীগ সরকারের সময় সামাজিক যোগাযোগমাধ্যমে মতপ্রকাশ করা নারীরাও নিপীড়নের শিকার হয়েছেন। তাদের লেখালেখি ও মতামতের কারণে নানা ধরনের হয়রানি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
নারীদের ওপর হামলাকারীদের কাপুরুষ আখ্যা দিয়ে রিজভী ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনাকে নিন্দনীয় ও ঘৃণ্য অপরাধ বলে উল্লেখ করেন। তার অভিযোগ, ওই ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত ছিলেন।
জ্বালানি সংকট প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, এটি আন্তর্জাতিক পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত একটি সমস্যা। কোনো একক রাষ্ট্রের পক্ষে একা এ সংকটের সমাধান করা সম্ভব নয়। তবে দেশের গ্যাস সংকট ধীরে ধীরে কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ সময় বৈদেশিক কর্মসংস্থান খাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া উদ্যোগের প্রশংসা করে রিজভী বলেন, এ ক্ষেত্রে সরকার একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে।
মতামত