টাঙ্গাইলের মির্জাপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ মো. হেলাল উদ্দিন (৫৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটক হেলাল উদ্দিন মহেড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত মির্জাপুর থানাধীন গোড়াই ইউনিয়নের রানারচালা এলাকায় মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্সের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, টাঙ্গাইলের সহকারী পরিচালক মো. আহসানুল কবির বুলবুলের সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক মো. সাইফুর রহমান রানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে হেলাল উদ্দিনের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে মির্জাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মতামত