নেত্রকোণার মদন পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের আশকিপাড়া এলাকায় ছেলের দায়ের কোপে এলাই মিয়া (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে নিজ বসতবাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে নিজ বাড়িতে এলাই মিয়ার সঙ্গে তার ছেলে ইয়াসিনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ইয়াসিন বটিদা দিয়ে তার বাবাকে আঘাত করেন বলে অভিযোগ উঠেছে। এতে এলাই মিয়া গুরুতর আহত হন।
পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত এলাই মিয়া পেশায় দিনমজুর ছিলেন। তিনি আট ছেলে ও এক মেয়ের জনক। তার অন্য ছেলেরা বিভিন্ন ব্যবসা ও পেশায় নিয়োজিত রয়েছেন। ইয়াসিন তার আট ছেলের মধ্যে সর্বকনিষ্ঠ।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ইয়াসিন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসা নথি বা তদন্তের মাধ্যমে বিস্তারিত তথ্য নিশ্চিত হওয়া যাবে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, ইয়াসিনের হাতে তার বাবা এলাই মিয়া নিহত হয়েছেন। ইয়াসিনকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণার সদর হাসপাতালের পাঠানো হয়েছে । এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
মতামত