কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশ পরিচলতি এক বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মাদক সেবনের অপরাধে সামারি ট্রায়ালের মাধ্যমে আরও ৫ জনকে সাজা প্রদান করে আদালতে পাঠানো হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) থানা পুলিশের পৃথক দুটি অভিযানে মোট ৭ জনকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোর রাত ৩টা ৫ মিনিটের দিকে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মোঃ মাহতাব হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি টিম সদর ইউনিয়নের নাইঘর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ব্রাহ্মণপাড়া-হরিমঙ্গল পাকা সড়কে অভিযান চালায়। এ সময় ১০০ পিস ইয়াবাসহ দুই তরুণকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি গ্রামের মোঃ মেহেরাজ হোসেন সিয়াম (১৯) এবং উত্তর তেতাভূমি গ্রামের মোঃ সাকিব (২৩)।
অন্য এক অভিযানে এসআই সুজন কুমার আচার্য্য, এসআই মোঃ মাহতাব হোসেন ও এএসআই লিংকন কুমার নাথের যৌথ টিম মাদক সেবনের অভিযোগে ৫ জনকে গ্রেফতার করে। পরে সামারি ট্রায়ালের মাধ্যমে সাজা দিয়ে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
সামারি ট্রায়ালে সাজাপ্রাপ্ত আসামিরা হলেন— ব্রাহ্মণপাড়ার সাহেবাবাদ এলাকার মোঃ রিয়াদ (১৯) ও মোঃ সাদ্দাম (২৮), বুড়িচং উপজেলার পশ্চিম সিং এলাকার মোঃ বখতিয়ার (২০), বরুড়া উপজেলার খোশবাস এলাকার মোঃ কাউছার (৩৫) এবং কুমিল্লা কোতোয়ালি থানার নিশিচন্তপুর এলাকার মোঃ আনিছ (২৮)।
ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে পুলিশ কাজ করছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।
মতামত