মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগরে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও ভোক্তা অধিকার সংরক্ষণে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি খাদ্যপ্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোকশেদ উল্লাহর নেতৃত্বে পরিচালিত অভিযানে শমসেরনগরের আলীবাবা রেস্টুরেন্টে বিভিন্ন অনিয়ম ধরা পড়ে। এর মধ্যে প্রয়োজনীয় রেস্তোরাঁ লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা, বিএসটিআই লাইসেন্স ছাড়া দইসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন,খাদ্যে অননুমোদিত রং ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় লেবেল না থাকার বিষয়টি পাওয়া যায়।
এ ছাড়া রেস্টুরেন্টটির রান্নাঘর ও খাবার সংরক্ষণের স্থান অস্বাস্থ্যকর ছিল। খোলা খাবারে মাছির উপদ্রব,বাসি ভাত ও তরকারি সংরক্ষণ,কাঁচা মাছ-মাংসের সঙ্গে রান্না করা খাবার একই ফ্রিজে রাখা, বিষ্ঠাসহ ডিম সিদ্ধ করা এবং ঢাকনাবিহীন পাত্রে খাবার রাখার মতো অনিয়মও পাওয়া যায়। এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন,২০১৩-এর ৩৯ ধারায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানে একই এলাকার সিমা আইসক্রিম ফ্যাক্টরিতেও বিভিন্ন অনিয়ম ধরা পড়ে। প্রতিষ্ঠানটি বিএসটিআই লাইসেন্স ছাড়া আইসক্রিম উৎপাদন করছিল। এ ছাড়া খাদ্য তৈরিতে কাপড়ে ব্যবহৃত রং ও বিভিন্ন প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ পাওয়া যায়। উৎপাদনস্থলের পরিবেশও অস্বাস্থ্যকর ছিল। সেখানে টয়লেটে ব্যবহৃত বদনা পাওয়া যায় এবং পণ্যের প্যাকেটে প্রয়োজনীয় লেবেল ও উপাদানের যথাযথ তথ্য ছিল না। এসব তথ্যের পক্ষে প্রয়োজনীয় প্রমাণও প্রতিষ্ঠানটি দেখাতে পারেনি।
এসব অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯-এর ৩৭, ৫২ ও ৫৩ ধারায় সিমা আইসক্রিম ফ্যাক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ জরিমানার অর্থও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানকালে নিরাপদ খাদ্য অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জনস্বাস্থ্য সুরক্ষা,নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও ভোক্তাদের অধিকার রক্ষায় আইন লঙ্ঘনকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মতামত