মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের বিশেষ অভিযানে চোরাচালানের মাধ্যমে আনা ৩০০ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দ করা শাড়ির আনুমানিক মূল্য ১৩ লাখ ৫০ হাজার টাকা।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার ৪ নম্বর সিন্দুরখাঁন ইউনিয়নের জাম্বুরাছড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে জাম্বুরাছড়ায় লেহেন খাড়িয়ার বাড়ির পূর্ব পাশে একটি পরিত্যক্ত ঘরে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা শাড়ি মজুতের খবর পায় পুলিশ। পরে শ্রীমঙ্গল থানার এসআই ইমানুর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে সুমন মিয়া (২৬) ও তারেক মিয়া (২৬) নামের দুজনকে আটক করা হয়। পরে তাদের দেখানো মতে পরিত্যক্ত ঘর থেকে পলিথিনে মোড়ানো ১৬টি বান্ডিল উদ্ধার করা হয়। এসব বান্ডিল খুলে বিভিন্ন রঙের ৩০০ পিস ভারতীয় শাড়ি পাওয়া যায়। প্রতিটি শাড়ির আনুমানিক মূল্য ৪ হাজার ৫০০ টাকা হিসেবে মোট মূল্য ১৩ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা পুলিশকে জানিয়েছেন,নিকটবর্তী ভারতীয় সীমান্ত দিয়ে পলাতক সহযোগীদের সহায়তায় শুল্ক ফাঁকি দিয়ে শাড়িগুলো বাংলাদেশে আনা হয়। পরে বিভিন্ন মার্কেটের দোকানে সেগুলো বেশি দামে বিক্রি করা হতো বলে পুলিশ জানায়।
অভিযানের সময় আরও তিন থেকে চারজন পালিয়ে যায়। তাদের পরিচয় ও অবস্থান শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনসহ পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বিদেশি পণ্য দেশে আনার অভিযোগে বিশেষ ক্ষমতা আইন,১৯৭৪-এর ২৫-বি(১)(বি)/২৫-ডি ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। চোরাচালানের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মতামত