সরকারি অর্থ ব্যয়ে চরম অপচয় রোধ এবং জনগণের করের টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক দৃষ্টান্ত স্থাপন করছেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি।
শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) সকালে রাজধানীর জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য তুলে ধরেন।
ব্যক্তিগত জীবনযাত্রায় চরম কৃচ্ছ্রসাধন: চিফ হুইপ জানান, রাষ্ট্রীয় কোষাগারের অর্থ অপচয় রোধে প্রধানমন্ত্রী অত্যন্ত কঠোর নীতি অনুসরণ করছেন। নিজের পোশাক-আশাক ও জীবনযাপনে ব্যয় কমানোর দৃষ্টান্ত তুলে ধরে তিনি বলেন, “প্রধানমন্ত্রী নিজে সাধারণ মোটা সাদা কাপড় পরেন। বিমানবন্দরে অতিরিক্ত যাতায়াত কমিয়েছেন, নিজের ব্যক্তিগত গাড়ি ও নিরাপত্ত বহর ছোট করেছেন এবং নিজের অফিসেই অতি সাধারণ খাবারের ব্যবস্থা রাখছেন।”
প্রধানমন্ত্রীর দপ্তরের দাপ্তরিক খরচের চিত্র তুলে ধরে আগের সরকারের সাথে তুলনা করেন চিফ হুইপ। তিনি দাবি করেন, “সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বছরে খাবারের পেছনে ৩৫ কোটি টাকা খরচ করেছেন, সেখানে বর্তমান প্রধানমন্ত্রীর দপ্তরে প্রতিজনের খাবারের বিল মাত্র ১৫০ টাকা ধরা হয়েছে।”
বিগত সরকারের রেখে যাওয়া ঋণের ভার বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে উল্লেখ করে নুরুল ইসলাম মনি বলেন, “শেখ হাসিনার সরকার যে বিশাল ঋণের বোঝা রেখে গেছে, সেখান থেকে বর্তমান সরকার গত ৫ মাসেই ২০৫ কোটি ডলার ঋণ পরিশোধ করেছে।”
সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে কঠোর স্বচ্ছতা আনার ঘোষণা দিয়ে চিফ হুইপ বলেন, এখন থেকে কোনো এমপি বা মন্ত্রী সরকারি কাজে দেশের বাইরে বা ভেতরে গেলে শুধু মৌখিক খরচের হিসাব দিলে হবে না, তার যথাযথ নথি ও ভাউচার জমা দিতে হবে।
সংবাদ সম্মেলনে চিফ হুইপ দৃঢ়তার সঙ্গে পুনর্ব্যক্ত করেন যে, প্রধানমন্ত্রীর এসব উদ্যোগ কোনো লোক দেখানো বিষয় নয়, বরং বাস্তবভিত্তিক পদক্ষেপের মাধ্যমেই রাজকোষের প্রতিটি টাকার সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করা হচ্ছে।
মতামত