চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় ট্যাংক থেকে গোলাবর্ষণের ঘটনায় গুরুতর আহত সেনা কর্মকর্তাকে দেখতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সিএমএইচে গিয়ে চিকিৎসাধীন ওই সেনা কর্মকর্তার শারীরিক অবস্থার খোঁজ নেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি আহত কর্মকর্তার দ্রুত আরোগ্য কামনা করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রী আহত সেনা কর্মকর্তা ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি তাদের সাহস জোগানোর পাশাপাশি প্রয়োজনীয় সান্ত্বনা দেন। এ সময় হাসপাতাল এলাকায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
এর আগে, গত বুধবার হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনা ঘটে। এতে সেনাবাহিনীর দুই সদস্য নিহত এবং একজন সেনা কর্মকর্তা গুরুতর আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য আহত কর্মকর্তাকে ঢাকার সিএমএইচে নেওয়া হয়।
দুর্ঘটনায় দুই সেনা সদস্যের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন তিনি।
মতামত