২০২৭ সালের পবিত্র হজের নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। সৌদি আরবের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। এই সময়সীমা আর বাড়ানো হবে না বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
বুধবার (৯ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের হজ-২ শাখা থেকে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৭ সালের হজে বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারণ করেছে সৌদি সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৬৭৬ জনের নিবন্ধন হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
গত ২৭ জুলাই থেকে ২০২৭ সালের হজের নিবন্ধন শুরু হয়। আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন প্রক্রিয়া শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের পর বাংলাদেশের চূড়ান্ত হজযাত্রীর সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে জানানো হবে।
চূড়ান্ত তালিকা পাওয়ার পর সৌদি অংশের অর্থ পাঠানো, হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা, ভিসার আবেদন, টিকাদান ও হজ প্রশিক্ষণসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হবে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, হজে যেতে আগ্রহী ব্যক্তি, হজ এজেন্সি, সংশ্লিষ্ট ব্যাংক এবং হজ কার্যক্রমের সঙ্গে যুক্ত সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
হজের নিবন্ধন ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজবিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাবে।
মতামত