সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে কোনো ধরনের গণপিটুনি বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে না; বরং আইনি প্রক্রিয়ায় ন্যায়বিচারের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, দেশে ফিরলে তাকে বিচারের মুখোমুখি হতে হবে। তিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। দেশে ফেরার পর আইন অনুযায়ী যে প্রক্রিয়া অনুসরণ করার কথা, সেটিই করা হবে।
তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা ও জল্পনা চলছে। কখনো বলা হচ্ছে তিনি ডিসেম্বরের পর জুনে ফিরবেন, আবার জুনের পর ডিসেম্বরের কথা বলা হচ্ছে। এভাবে একই আলোচনা চলতে থাকবে। তবে তিনি দেশে ফিরলে সরকার খুশি হবে বলেও মন্তব্য করেন জাহেদ উর রহমান।
শেখ হাসিনার দেশত্যাগের প্রসঙ্গে অতীতের রাজনৈতিক পরিস্থিতির উদাহরণ টেনে তিনি বলেন, এরশাদের পতনের পরও তিনি দেশে ছিলেন, কারাবরণ করেছেন এবং নির্বাচনে অংশ নিয়েছেন। সে সময়ও পুলিশ থানায় দায়িত্ব পালন করেছে।
শেখ হাসিনা দেশে ফিরলে কোনো ধরনের মব বা বেআইনি পরিস্থিতি তৈরি হবে না বলে আশ্বস্ত করে জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা অন্যদের প্রতি ন্যায়বিচার করেননি, তবে বর্তমান সরকার তার ক্ষেত্রে ন্যায়বিচার নিশ্চিত করবে।
মতামত