প্রকৃতির রানী বান্দরবান এখন রূপে-রসে ভরপুর। রিমঝিম বৃষ্টির সাথে মেঘের খেলা দেখতে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন হাজারো পর্যটক।
আজ মঙ্গলবার সকাল থেকে নীলাচল, মেঘলা, সুপ্রভাত, স্বর্ণ মন্দির সহ জেলার সকল পর্যটন স্পটে ছিল পর্যটকদের উপচে পড়া ভিড়। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা আর মেঘ-কুয়াশার মধ্য দিয়ে গাড়ি চলার দৃশ্য দেখে পর্যটকরা বলছেন, "ভিডিওতে যা দেখি তার চেয়েও সুন্দর বাস্তবের বান্দরবান। না আসলে বোঝা যাবে না।"
নীলাচলে দাঁড়িয়ে মেঘের ভেতর দিয়ে হেঁটে বেড়াচ্ছেন তরুণ-তরুণীরা। মেঘলা পার্কের ঝুলন্ত ব্রিজে সেলফি আর বৃষ্টিতে ভিজে শিশুদের দৌড়াদৌড়ি। সুপ্রভাত পয়েন্ট থেকে মেঘের সাগর দেখে মুগ্ধ সবাই।
ঢাকা থেকে আসা এক পর্যটক বলেন, “ইউটিউবে বান্দরবানের ভিডিও দেখে এসেছিলাম। কিন্তু সামনাসামনি যা দেখলাম তা ক্যামেরায় ধরা সম্ভব না। এই বৃষ্টি, এই মেঘ, এই আঁকাবাঁকা রাস্তা... বান্দরবান না আসলে বুঝবেন না ভাই।
উপেক্ষা করে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও ট্যুরিস্ট পুলিশ সব স্পটে সতর্ক অবস্থানে রয়েছে। পাহাড়ি রাস্তায় সাবধানে গাড়ি চালানোর জন্য চালকদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃষ্টিতেও পর্যটকদের আগমনে খুশি স্থানীয় হোটেল-মোটেল ও গাড়ি চালকরা। তাদের মতে, এই মৌসুমেই বান্দরবানের আসল সৌন্দর্য ধরা দেয়।
বৃষ্টি মানেই বান্দরবান। আর বান্দরবান মানেই মেঘ-পাহাড়ের প্রেম। যারা এখনো আসেননি, ব্যাগ গুছিয়ে চলে আসুন। প্রকৃতি আপনাকে ডাকছে।
মতামত