দেশের উত্তর-পূর্বাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে বেশি প্রতিনিধিত্ব চট্টগ্রাম বিভাগের। দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা বিভাগ। বিশ্ববিদ্যালয়টি সিলেট বিভাগে অবস্থিত হলেও বিভাগভিত্তিক শিক্ষার্থী ভর্তির হিসাবে সিলেটের অবস্থান তৃতীয়।
ভর্তি-সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে শাবিপ্রবিতে মোট ১ হাজার ৬৩৪ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চট্টগ্রাম বিভাগ থেকে এসেছেন ৩৬২ জন,যা মোট ভর্তির ২২ দশমিক ১৬ শতাংশ। ঢাকা বিভাগ থেকে ভর্তি হয়েছেন ৩২৫ জন বা ১৯ দশমিক ৮৯ শতাংশ। আর সিলেট বিভাগ থেকে ভর্তি হয়েছেন ২৯৮ জন শিক্ষার্থী,যা মোট ভর্তির ১৮ দশমিক ২৪ শতাংশ।
১১ জেলা নিয়ে গঠিত চট্টগ্রাম বিভাগ থেকে সবচেয়ে বেশি ৩৬২ জন শিক্ষার্থী শাবিপ্রবিতে ভর্তি হয়েছেন। এর মধ্যে চট্টগ্রাম জেলা থেকে এসেছেন ৮৮ জন, কুমিল্লা থেকে ৭৪ জন এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে ৫৩ জন শিক্ষার্থী। বিভাগের অন্যান্য জেলা থেকেও উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়টিতে ভর্তি হয়েছেন।
এর পরেই রয়েছে ১৩ জেলা নিয়ে গঠিত ঢাকা বিভাগ। এ বিভাগ থেকে ভর্তি হয়েছেন ৩২৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ঢাকা জেলা থেকে ৮৬ জন,কিশোরগঞ্জ থেকে ৪৯ জন এবং নরসিংদী থেকে ৪৩ জন শিক্ষার্থী রয়েছেন।
চট্টগ্রাম ও ঢাকা বিভাগ থেকে আসা একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে,শাবিপ্রবির একাডেমিক পরিবেশ, শিক্ষার মান এবং প্রাকৃতিক সৌন্দর্য তাদের বিশ্ববিদ্যালয়টি বেছে নিতে আকৃষ্ট করেছে।
শাবিপ্রবির অবস্থান সিলেট বিভাগে হলেও নতুন শিক্ষার্থী ভর্তির বিভাগভিত্তিক হিসাবে সিলেট রয়েছে তৃতীয় অবস্থানে। চার জেলা নিয়ে গঠিত এ বিভাগ থেকে ভর্তি হয়েছেন মোট ২৯৮ জন শিক্ষার্থী।
এর মধ্যে সিলেট জেলা থেকে ভর্তি হয়েছেন ১৩২ জন,যা একক জেলা হিসেবে সর্বোচ্চ। সুনামগঞ্জ থেকে এসেছেন ৬৫ জন,মৌলভীবাজার থেকে ৫১ জন এবং হবিগঞ্জ থেকে ৫০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।
এদিকে ময়মনসিংহ বিভাগের চার জেলা থেকে ভর্তি হয়েছেন ১৭২ জন শিক্ষার্থী,যা মোট ভর্তির ১০ দশমিক ৫৩ শতাংশ।
রংপুর বিভাগ থেকে ভর্তি হয়েছেন ১৬২ জন বা ৯ দশমিক ৯১ শতাংশ শিক্ষার্থী। রাজশাহী বিভাগ থেকে এসেছেন ১৫৪ জন বা ৯ দশমিক ৪৩ শতাংশ। খুলনা বিভাগ থেকে ভর্তি হয়েছেন ১০৮ জন শিক্ষার্থী,যা মোট ভর্তির ৬ দশমিক ৬১ শতাংশ।
আট বিভাগের মধ্যে সবচেয়ে কম শিক্ষার্থী ভর্তি হয়েছেন বরিশাল বিভাগ থেকে। ছয় জেলা নিয়ে গঠিত এ বিভাগ থেকে ভর্তি হয়েছেন মাত্র ৫৩ জন শিক্ষার্থী,যা মোট ভর্তির ৩ দশমিক ২৪ শতাংশ।
বিভাগভিত্তিক এই পরিসংখ্যান বলছে, শাবিপ্রবির নতুন শিক্ষার্থীদের বড় অংশই এসেছে সিলেটের বাইরের বিভিন্ন জেলা থেকে। দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠানটি এখন দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীদের মিলনস্থলে পরিণত হয়েছে।
ফলে সিলেটে অবস্থিত হলেও দেশের প্রায় সব প্রান্ত থেকে আসা শিক্ষার্থীদের অংশগ্রহণে শাবিপ্রবির শিক্ষার্থীসমাজ দিন দিন আরও বৈচিত্র্যময় হয়ে উঠছে।
মতামত