রাজধানীতে অনেক দিনের তীব্র যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং গণপরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শনিবার (২৯ আগস্ট) তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সভাপতিত্বে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এসব সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকে ঢাকা মহানগরীর বর্তমান যানজট পরিস্থিতি, ফ্লাইওভার ও গুরুত্বপূর্ণ সড়কে যানবাহনের অতিরিক্ত চাপ, বাস টার্মিনাল পুনর্বিন্যাস ও অবৈধ পার্কিং নিয়ে বিষদ আলোচনা শেষে বাস্তবায়নের সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়।
শহরজুড়ে সব এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজাগুলোতে দ্রুত টোল আদায়ের লক্ষ্যে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি পরিচালনার জন্য একটি নতুন অ্যাপ তৈরির নির্দেশ দিয়ে আগামী ৪ মাসের মধ্যে সম্পূর্ণ কাজ শেষ করার আল্টিমেটাম দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ঢাকার ওপর থেকে আন্তঃজেলা বাসের চাপ কমাতে ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে। স্থায়ী টার্মিনাল নির্মাণের আগপর্যন্ত আগামী ৪ মাসের মধ্যে ঝিলমিল প্রকল্পের ১৫ একর জমিতে একটি অস্থায়ী বাস টার্মিনাল তৈরি করা হবে।
গাবতলী বাস টার্মিনালের পেছনের অংশ সম্প্রসারণ করা হবে। পাশাপাশি শহরের কেন্দ্রস্থলে যানজট কমানোর লক্ষ্যে কারওয়ান বাজারের ঐতিহ্যবাহী কিচেন মার্কেটটি সরিয়ে গাবতলীতে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।
এই পয়েন্টের দীর্ঘদিনের যানজট নিরসনে বুয়েটের প্রস্তুতকৃত আগের প্রতিবেদন পর্যালোচনা করে আগামী ১৫ দিনের মধ্যে সুপারিশ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ঢাকা শহরে ব্যাটারিচালিত ও সাধারণ অটোরিকশা চলাচলে সুনির্দিষ্ট ও পৃথক নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
সচিবালয়ের আশপাশে যানজট কমাতে ওসমানী স্মৃতি মিলনায়তন প্রাঙ্গণকে পার্কিং হিসেবে ব্যবহারের সম্ভাবনা খতিয়ে দেখা এবং অন্যান্য বিকল্প স্থান অনুসন্ধানের নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালামসহ বিভিন্ন সেবা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী নির্ধারিত সময়ের মধ্যে সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেন।
মতামত