ক্যানসারের চিকিৎসায় নতুন আশার আলো দেখাচ্ছে মডার্নার তৈরি ব্যক্তিভিত্তিক এমআরএনএ (mRNA) টিকা। টিকাটির তৃতীয় ধাপের আন্তর্জাতিক ক্লিনিক্যাল পরীক্ষায় আশাব্যঞ্জক ফল পাওয়া গেছে। গবেষণায় দেখা গেছে, ইমিউনোথেরাপির ওষুধের সঙ্গে টিকাটি প্রয়োগ করলে মেলানোমা আক্রান্ত রোগীদের ক্যানসার ফিরে আসা বা মৃত্যুর ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমেছে।
ইনটিসমেরান (Intismeran) নামের এই টিকাটি পেমব্রোলিজুমাব (Pembrolizumab) নামের ইমিউনোথেরাপির ওষুধের সঙ্গে প্রয়োগ করা হয়। পরীক্ষার ফল অনুযায়ী, চিকিৎসার দুই বছর পর ৮২ শতাংশ রোগীর ক্যানসার ফিরে আসেনি।
এ ছাড়া দুই বছর পর ৮৮ দশমিক ৫ শতাংশ রোগীর ক্ষেত্রে ক্যানসার শরীরের দূরবর্তী স্থানে ছড়িয়ে পড়েনি। সামগ্রিকভাবে, এই টিকা ও ওষুধের সমন্বিত চিকিৎসা গ্রহণকারীদের ক্যানসার ফিরে আসা বা মৃত্যুর ঝুঁকি ৪২ শতাংশ কমিয়েছে।
চলতি সপ্তাহান্তে ইউরোপিয়ান সোসাইটি ফর মেডিক্যাল অনকোলজির (ESMO) বার্ষিক সম্মেলনে গবেষণার বিস্তারিত ফল প্রকাশের কথা রয়েছে।
গবেষণার প্রধান অনুসন্ধানকারী অধ্যাপক জর্জিনা লং দ্য অস্ট্রেলিয়ান পত্রিকাকে বলেন, এই সাফল্য যেন প্রথমবারের মতো উড়োজাহাজের উড্ডয়ন। মেলানোমা আক্রান্ত রোগীদের পাশাপাশি ভবিষ্যতে অন্যান্য ধরনের ক্যানসারের চিকিৎসায়ও এর গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।
তবে এটি এখনো পরীক্ষাধীন একটি চিকিৎসাপদ্ধতি। অন্যান্য ক্যানসারের ক্ষেত্রেও এর কার্যকারিতা নিশ্চিত করতে আরও গবেষণা প্রয়োজন।
মতামত