ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আতিকুর রহমান। শনিবার (২৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, পূর্ববর্তী রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হকের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে ২৯ আগস্ট হতে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে আজ থেকেই পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আতিকুর রহমানকে এই পদে নিয়োগ দেওয়া হলো। তিনি বিধি মোতাবেক এই পদের যাবতীয় সুযোগ-সুবিধা প্রাপ্ত হবেন।
নবনিযুক্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, আমার ওপর আস্থা রাখার জন্য উপাচার্য, উপ-উপাচার্যসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। বিশ্ববিদ্যালয়ের এই দফতরকে দক্ষতা, সততা ও জবাবদিহিতার মাধ্যমে প্রশাসনিক ও একাডেমিক উৎকর্ষতা অর্জনে আমি সর্বোচ্চ চেষ্টা করব। এ ক্ষেত্রে আমি সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।
মতামত