বিএনপি কখনো দেশ ছেড়ে যায়নি এবং আত্মসমর্পণের রাজনীতিতে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শনিবার (২৯ আগস্ট) সকালে দিনাজপুরের হাকিমপুর উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
জাহিদ হোসেন বলেন, অনেকেই মনে করেন বিএনপিকে ধাক্কা দিলেই দলটি রাজনীতি থেকে সরে যাবে। অতীতেও বিএনপিকে নিয়ে এমন নানা কথা বলা হয়েছে। যারা একসময় বলেছিলেন, বিএনপিকে ১০ দিনও ক্ষমতায় থাকতে দেওয়া হবে না, তারাই এখন দেশ ছেড়ে পালিয়ে গেছেন বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া কখনো আত্মসমর্পণ বা আপসের পথ বেছে নেননি। জনগণকে একা ফেলে তারা কখনো দেশ ছেড়ে যাননি বলেও দাবি করেন তিনি।
সমাজকল্যাণমন্ত্রী আরও বলেন, বিএনপি জনগণের দল এবং জনগণকে সঙ্গে নিয়েই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে। ভয়ভীতি বা চোখ রাঙিয়ে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
যারা বিএনপিকে হুমকি বা ভয় দেখানোর চেষ্টা করছেন, তাদের গণতান্ত্রিক ভাষায় কথা বলার আহ্বান জানান জাহিদ হোসেন। তিনি বলেন, বিএনপি গণতন্ত্র রক্ষা, পুনঃপ্রতিষ্ঠা ও তা অব্যাহত রাখার রাজনীতি করে। জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় দলটি প্রস্তুত রয়েছে।
মতামত