জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও কওমি ছাত্রঐক্য পরিষদের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা শিল্পকলা একাডেমির সামনে ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে শিল্পকলা একাডেমির মূল ফটকে তালা ঝুলতে দেখা গেছে।
শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে সাংগঠনিক সভা করার ঘোষণা দিয়েছিল এনসিপি। এর আগে শুক্রবার রাতে সংসদে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে শহরে বিক্ষোভ করে কওমি ছাত্রঐক্য পরিষদ।
বিক্ষোভের পর আজ বিকেল ৩টায় শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে কোরআন তেলাওয়াত, হামদ-নাত ও ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠানের ঘোষণা দেয় সংগঠনটি। দুই পক্ষের কর্মসূচিকে ঘিরে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পকলা একাডেমি এলাকায় পুলিশ মোতায়েন করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবু সাঈদ বলেন, সংসদে দেওয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করায় একটি পক্ষ তাদের কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে। অন্যদিকে এনসিপি ছোট পরিসরে একটি অনুষ্ঠান করার কথা জানিয়ে শিল্পকলা একাডেমির মিলনায়তন ভাড়া নিয়েছিল।
জেলা প্রশাসক আরও বলেন, জেলা শিল্পকলা একাডেমি একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। সেখানে কোনো রাজনৈতিক দলের দলীয় কর্মসূচি আয়োজনের সুযোগ নেই।
এদিকে দুই পক্ষের কর্মসূচিকে কেন্দ্র করে শিল্পকলা একাডেমি ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
মতামত