সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বনবাড়িয়া আদর্শ গ্রাম এলাকায় দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত হওয়ার দুই দিন পর নজরুল ইসলাম নামে এক রিক্সা চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শফি নামে এক ব্যক্তির বিরুদ্ধে হত্যার অভিযোগ করেছে নিহতের পরিবার।
নিহত নজরুল ইসলাম ওই এলাকার আব্দুল গফুরের ছেলে। পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার রাত ৯টার দিকে চা পান করে বাড়ি ফেরার সময় নুর ইসলামের চা-স্টলের কাছে পৌঁছালে চর পাইকপাড়া গ্রামের শফি তাকে দা ও লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। এতে গুরুতর আহত হন নজরুল।
পরিবারের দাবি, আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও স্থানীয় মাতব্বর আলতাফ ও গুটু শিকদার বাধা দেন এবং স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার আশ্বাস দেন। পরে অবস্থার অবনতি হলে শনিবার সকাল ৭টার দিকে নজরুলের মৃত্যু হয়।
নিহতের পরিবারের অভিযোগ, অভিযুক্ত শফির বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ রাকিবুল ইসলাম জানান, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত