ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের ধাওয়া খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়েছে গাঁজাবাহী একটি মাইক্রোবাস। পরে ক্রেন দিয়ে গাড়িটি উদ্ধার করে পুলিশ। এ সময় পুকুরের পানিতে ভাসমান অবস্থায় ৯ বস্তা ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। তবে মাইক্রোবাসে থাকা চালকসহ মাদক কারবারিরা সাঁতরে পালিয়ে যায়।
শুক্রবার (২৮ আগস্ট) ভোরে উপজেলার বিনাউটি ইউনিয়নের খিদিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ভোররাতে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা পাচারের গোপন সংবাদ পেয়ে সৈয়দাবাদ-নয়নপুর সড়কে অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় সন্দেহজনক একটি কালো রঙের মাইক্রোবাসের গতিরোধের চেষ্টা করা হয়। কিন্তু পুলিশের সংকেত অমান্য করে চালক দ্রুতগতিতে গাড়িটি নিয়ে পালানোর চেষ্টা করেন।
পুলিশ তখন মাইক্রোবাসটির পিছু নেয়। ধাওয়া খেয়ে গাড়িটি কসবা-সৈয়দাবাদ সড়ক থেকে আন্দিরপাড়-মনকাশাইর সড়কে ঢুকে পড়ে। একপর্যায়ে খিদিরপুর গ্রামের এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গাড়িতে থাকা চালক ও মাদক কারবারিরা সাঁতরে পালিয়ে যায়। এ সময় মাইক্রোবাস থেকে গাঁজার প্যাকেট পানিতে ভেসে উঠতে দেখা যায়। পরে ক্রেন এনে পুকুর থেকে মাইক্রোবাসটি উদ্ধার করা হয়। একই সঙ্গে পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয় ৯ বস্তা ভারতীয় গাঁজা। মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, গাঁজা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালায়। পুলিশের সংকেত অমান্য করে মাইক্রোবাসটি পালানোর চেষ্টা করলে ধাওয়া করা হয়। পরে খিদিরপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পুকুরে পড়ে যায়। এ সময় চালকসহ গাড়িতে থাকা অন্যরা সাঁতরে পালিয়ে যায়।
পলাতকদের শনাক্ত ও আটকের পাশাপাশি এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মতামত