আন্তর্জাতিক ফুটবলের বিশ্বসংস্থা ফিফার ব্যাপক আলোচিত দুর্নীতি কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছে আর্জেন্টিনার দুই ক্রীড়া বিপণন নির্বাহী। লাভজনক বিভিন্ন টুর্নামেন্টের সম্প্রচারস্বত্ব পেতে ফুটবল কর্মকর্তাদের কোটি কোটি ডলার ঘুষ দেওয়ার কথা আদালত ও মার্কিন কৌঁসুলিদের কাছে স্বীকার করেছেন তাঁরা। বিচার এড়াতে যুক্তরাষ্ট্রের কৌঁসুলিদের সঙ্গে একটি সমঝোতা চুক্তির অংশ হিসেবে গত বৃহস্পতিবার এই বড় ধরনের স্বীকারোক্তি দেওয়া হয়।
অপরাধ স্বীকার করা দুই ক্রীড়া বিপণন নির্বাহী হলেন সম্পর্কে বাবা-ছেলে—হুগো জিনকিস ও মারিয়ানো জিনকিস। তাঁরা আর্জেন্টিনার ক্রীড়া বিপণন প্রতিষ্ঠান ‘ফুল প্লে’র সহমালিক। ২০১৫ সালে সুইজারল্যান্ডের জুরিখে ফিফা সদরদপ্তর ও কর্মকর্তাদের ওপর মার্কিন তদন্তকারীদের অভিযানের পর যে বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছিল, সেই তদন্তের ধারাবাহিকতায় অভিযুক্তদের তালিকায় ছিলেন এই বাবা-ছেলে।
আদালতের নথি ও মূলতবি অভিশংসন চুক্তির (ডিফার্ড প্রসিকিউশন অ্যাগ্রিমেন্ট) তথ্য অনুযায়ী, বিশ্বকাপ বাছাইপর্ব এবং কোপা আমেরিকার মতো গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর সম্প্রচার ও বিপণনস্বত্ব নিজেদের নিয়ন্ত্রণে রাখতে তাঁরা ফিফা, কনকাকাফ (উত্তর আমেরিকা) ও কনমেবল (দক্ষিণ আমেরিকা) কর্তাদের ‘কোটি কোটি ডলারের বাণিজ্যিক ঘুষ’ দিয়েছেন।
চুক্তির শর্ত অনুযায়ী, ফিফা ও আঞ্চলিক কনফেডারেশনগুলোকে প্রতারিত করার পরিকল্পনা মেনে নেওয়ার বিনিময়ে তাঁদের বিরুদ্ধে থাকা জালিয়াতির অভিযোগ প্রত্যাহার করে নেবে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে এই প্রক্রিয়ার অংশ হিসেবে ৫ কোটি ডলার (প্রায় ৬০০ কোটি টাকা) বাজেয়াপ্ত বা জরিমানা প্রদানের বিষয়েও সম্মতি জানিয়েছেন হুগো ও মারিয়ানো জিনকিস।
মতামত